কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু মর্মান্তিকভাবে নিহত হয়েছে। তন্মধ্যে এক শিশু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তানহা মণি (১২) এবং অপর শিশু অজ্ঞাত।
আজ শনিবার সকালে চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকায় বালুভর্তি ট্রাকের চাপায় তানহা মণি এবং এর আগেরদিন শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকায় নিহত তানহা মণি ওই এলাকার মাওলানা জাফর আলম হামিদীর কন্যা এবং সে স্থানীয় মাদরাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। অপরদিকে মহাসড়কের মালুমঘাট এলাকায় নিহত পথচারি শিশুপুত্রের পরিচয় শনাক্ত করা যায়নি গতকাল শনিবার দুপুর পর্যন্ত।
প্রত্যক্ষদর্শীরা জানায়-শনিবার সকালে পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ইজিবাইক (টমটম) থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায় তানহা মণি। এ সময় তানহার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ সড়কের সঙ্গে পিষে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান-পৌরসভার কাহারিয়া ঘোনায় ট্রাক চাপায় নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান-শুক্রবার দিবাগত রাতে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত আনুমানিক ১০ বছরের পথচারী শিশুর লাশের পরিচয় মিলেনি।












