চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়নের স্মারকলিপি প্রদান ও সমাবেশ

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

শ্রম আদালতে মামলার দীর্ঘসূত্রতা নিরসন, বিচারপ্রার্থী শ্রমিকদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা এবং শ্রম আইন, ২০০৬–এর ধারা অনুসারে সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক। গতকাল সোমবার স্মারকলিপি প্রদানের আগে চট্টগ্রাম জেলা পরিষদ ভবন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের আহ্বায়ক আবু আহাম্মদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি মোহাম্মদ আবু ফয়েজ, লেবার ফেডারেশন মহানগর সভাপতি নুরুল আবসার, মো. মোর্শেদ আলম, মো. আলাউদ্দিন, শ্যাম দুলাল দেব বর্মন, মো. সোহেল হক, মো. সাগর, আমির হোসেন, সোহাগ মোল্লাহ, যুব গুলজার বেগম, লুতফুন্নাহার সোনিয়া, জান্নাতুল ফেরদৌস রুবি, শামসুল ইসলাম আরজু, মাসুমা আক্তার, মো. মাসুদ খান, জিন্নাত আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সারা দেশের শ্রম আদালতগুলোতে মামলা দায়েরের পর বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে শ্রমিকেরা চরম হয়রানি, আর্থিক দুর্ভোগ ও মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন। বেআইনি চাকরিচ্যুতি, বকেয়া মজুরি, সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণসহ বিভিন্ন শ্রম অধিকার লঙ্ঘনের প্রতিকার পেতে শ্রমিকেরা আদালতের শরণাপন্ন হলেও বছরের পর বছর মামলা পরিচালনা করেও ন্যায়বিচার পাচ্ছেন না। ফলে বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হওয়াটাই অনেক শ্রমিকের জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সমাবেশ থেকে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের পক্ষ থেকে চট্টগ্রামের বিদ্যমান দুটি শ্রম আদালতের অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী বিচারিক ও প্রশাসনিক শূন্য পদে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, শিল্পকারখানার আধিক্য, বিপুলসংখ্যক শ্রমিক ও বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনায় মামলার জট নিরসনে আরও দুটি শ্রম আদালত স্থাপন, পাঁচ বছরের অধিক সময় ধরে বিচারাধীন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে এক মাসের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণসহ ৭ দফা দাবি উত্থাপন করা হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবাধে সেগুন বাগান ও বন ধ্বংসের কারণেই পাহাড়ে পানি সংকট