দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো

শিউলী নাথ | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’– শৈশব থেকেই এই কথাটি শুনে অভ্যস্ত। তখনো কথাটির অর্থ বুঝতে শিখিনি বা শেখার ইচ্ছেও জাগেনি। কখনো ঘরে, কখনো বাইরে এই বাক্যটি উদাহরণ হিসেবেই চলতো। অতি বিশ্বস্ত গৃহকর্মী যেদিন চুরি করে ধরা খেলো, সেদিন দাদু বলেছিলেন, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।’ ভাই যেদিন পাড়ার ছেলেদের সাথে মারপিট করে ঘরে এল, সেদিন ভাইয়ের উদ্দেশ্যে বাবার বিচার ছিল ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’। এরপর এলো আরো অশুভ ক্ষণ। ভাই বোনের নিত্যদিনের ঝগড়ায় পরিবারের সবাই যখন অতিষ্ঠ। তখন মায়ের রাগী মুখের ভাষায় ছিল, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালই ভালো’। সেদিন অল্প করে হলেও বুঝতে পেরেছি। বুঝলাম, আমরা ভাই বোন দু‘জনই গরু! এই দুটো গরুর কারণে সংসার অশান্তি হচ্ছে। তাই পরবর্তী সময়ে শান্ত গরু হয়েই দিন কাটিয়েছি! তবে বুঝতে পারলাম না, মানুষ কীভাবে গরু হয়? কিন্তু বড় হয়ে যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’ গল্পটি পড়েছি, তখন মনটা শান্ত হয়েছে। মনে মনে ভাবলাম মা বোধহয় ‘মহেশ’ গল্পটি পড়েননি। যদি পড়তেন তবে গরুর সাথে আমাদের তুলনা না করে গাধার সাথে তুলনা করতেন।

যাক সেসব কথা। স্কুল জীবনে সহপাঠীর খারাপ রেজাল্টে শ্রেণি শিক্ষক যখন জবাবদিহিতায় জর্জরিত, তখন বলতে শুনেছি, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’। একজনের জন্য পুরো ক্লাসের বদনাম। শিক্ষকের রাগের কারণ অতটা না বুঝলেও তিনি যে আমার সহপাঠীকে গরু বলেছেন তা বুঝতে পেরেছি। বছরখানেক পর পাশের বাড়ির মেয়েটা যখন আত্মহত্যা করলো তখন শুনেছিলাম ওর পরিবার বলছে, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’। অন্য ধর্মের ছেলের সাথে প্রেমের পরিণতি কিছুতেই ঐ পরিবার মেনে নেবে না। তাই এই কাণ্ড। তবে সেবার খুব মন খারাপ হয়েছিল। ভাবতে অবাক লাগে, যে মানুষটি একসময় পরিবারের চোখের মণি ছিল, অভিমান আর সামাজিক অনমনীয়তার চোরাবালিতে হারিয়ে গেলে তার জন্যও কীভাবে গোয়াল শূন্য রাখার আক্ষেপ জন্মায়!

দেশের ক্রান্তিলগ্নে রাজনৈতিক বিশেষজ্ঞ, জ্ঞানী, বোদ্ধারা যখন একই কথা বলেন, তখন ভাবি গরুটা আসলে কে? আর গরু যদি দুষ্টই হবে তবে তাকে গোয়ালে রাখা কেন? অনেক পরে এসে বুঝলাম, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে মানুষ হিংস্র গরু গোয়ালে পুষছে। সময় মত তাকে ব্যবহার করছে এবং সময়মত বালতি ভর্তি দুধ দোহন করে নিচ্ছে। কিন্তু একথাও মনে রাখতে হবে। গরু নিরীহ, শান্ত প্রাণি কিন্তু বুদ্ধিমান। কখন যে বালতি ভর্তি দুধ ফেলে পা চালিয়ে দেবে বোঝা মুশকিল। অনেক সময় দেখা যায়, গোয়ালের দরজা খোলা রেখে নিজের সুবিধামতো সবকিছু গুছিয়ে নেওয়ার খেলায় মেতে থাকেন কেউ কেউ; অথচ যখন সেই গরু বাঁধন ছিঁড়ে অবাধ্য হয়ে ওঠে, তখন দায়িত্ব এড়াতে পুরোনো প্রবচনের আড়ালেই আশ্রয় খোঁজা হয়। পরিশেষে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতায় এইটুকু বলতে পারি অনিষ্ট ও ক্ষতিকারক সবকিছু থেকেই দূরে থাকা উচিত। সে আমি বা যে–ই হই না কেন? গোয়ালের খড়কুটো যেমন নিয়মিত পরিষ্কার না করলে দুর্গন্ধ ছড়ায়, তেমনি নিজেদের মন ও চারপাশের পরিবেশকেও ক্ষতিকর প্রবণতা থেকে মুক্ত রাখা জরুরি। তবে আমিও একমত, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো’। কেননা দুষ্ট বা হিংস্র গরুর স্থান গোয়ালে নয়। এদেরকে বলদের মত মাঠে নামিয়ে কাজ করানো উচিত। তাদের হিংস্রতা আর ক্ষিপ্রতায় কাজের গতি বৃদ্ধি পাবে। ফসলে ভরে উঠবে সবুজ মাঠ। এতে করে সমাজের তথা দেশ ও দশের উপকার হবে।

পূর্ববর্তী নিবন্ধসিনেমা প্যালেস মোড়ে ফুটওভারব্রিজ চাই
পরবর্তী নিবন্ধসনদ নয়, মানুষ হওয়ার মধ্যে রয়েছে শিক্ষার সার্থকতা