পুরস্কার হলো মানুষের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, মেধা এবং একাগ্রতার এক অনন্য স্বীকৃতি। পুরস্কার মানুষকে নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। চট্টগ্রাম একাডেমি সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনবরত কাজ করে চলেছে। শিল্প, সাহিত্য অর্থনীতি এবং সমাজ ভাবনামূলক পত্রিকার নাম ‘শিল্পশৈলী’। গত ১৫ নভেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে ‘চট্টগ্রাম একাডেমি শিল্পশৈলী পুরস্কার ২০২৬’ প্রদান শীর্ষক অনুষ্ঠান হয়ে গেল। এ বছর পুরস্কারে ভূষিত হয়েছেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক মনসুর মুসা। ঘড়ির কাঁটা ঠিক ৫.৫৯ মিনিট, এমন সময় মাইক্রোফোনের সামনে উপস্থিত হন কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রাবন্ধিক এস. এম. আবদুল আজিজ। বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. ওবায়দুল করিম।
বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ড. মনজুর–উল আমিন চৌধুরী এবং লোকসাহিত্য গবেষক সৈয়দা আঁখি হক। অধ্যাপক মনসুর মুসার সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শোনান খ্যাতিমান বাচিকশিল্পী আয়েশা হক শিমু। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি অরুণ শীল, ড. আজাদ বুলবুল, কবি জিন্নাহ চৌধুরী, কবি সনজীব বড়ুয়া এবং চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা।
তাঁরা বলেন – অধ্যাপক মনসুর মুসা শুধু চট্টগ্রামের নয় সারা বাংলাদেশের অহংকার। তাঁর লেখা তুর্কীভাষা আন্দোলন, শ্রীলংকার ভাষা সমস্যা এবং আসামের ভাষাদাঙ্গা সহ আরো অনেক গবেষণামূলক প্রবন্ধ রয়েছে। সম্মাননাপ্রাপ্ত গুণীজনকে উত্তরীয় পরিয়ে দেন কবি ও শিশুসাহিত্যিক দীপক বড়ুয়া। তাঁর হাতে সম্মাননা স্মারক এবং নগদ সম্মানী তুলে দেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। এই সময় করতালির মাধ্যমে উপস্থিত সাহিত্যপ্রেমীরা তাঁকে অভিনন্দন জানান। শিল্পশৈলীর সম্পাদক নেছার আহমদ বলেন – তাঁকে সম্মাননা দিতে পেরে আমরা নিজেরাই ধন্য হয়েছি। মিলনায়তনে উপস্থিত সকলকে প্রাবন্ধিক নেছার আহমদ সম্পাদিত শিল্পশৈলী পত্রিকাটি উপহার দেয়া হয়। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক মনসুর মুসা বলেন – আজ আমি সত্যিই আনন্দিত, একটি কথা প্রচলিত আছে – “সুন্দর মুখের জয় সর্বত্র” – ঠিক তেমনি সুন্দর ভাষাও।
ভাষা একটি অসাধারণ কৌতূহলের ব্যাপার, আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েদের ভাষা সচেতন করে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন – জাতি গঠনের জন্য জাতীয় ভাষার প্রয়োজন। ড. মনজুরুল আমিন চৌধুরী বলেন – অধ্যাপক মনসুর মুসা একজন আন্তর্জাতিক ভাষাবিজ্ঞানী। ড. ওবায়দুল করিম বলেন – মনসুর মুসা একজন প্রথমত বিজ্ঞানী এবং দ্বিতীয়ত ‘সমাজভাষা বিজ্ঞানী’। ভাষার সঙ্গে রাজনীতি এবং অর্থনীতি জড়িত। ভাষা হচ্ছে প্রযুক্তির মতো, আমরা যদি ভাষা ভুলে যাই তাহলে সমাজ টিকবে না।
সভাপতির ভাষণে রীতা দত্ত বলেন – বাংলা ভাষা নিয়ে পৃথিবীব্যাপী লেখাপড়া হচ্ছে, মানবসমাজকে বাদ দিয়ে ভাষা হয় না। তিনি তাঁকে অভিনন্দন জানান। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির ফেলো কবি রাশেদ রউফ।












