অবাধে সেগুন বাগান ও বন ধ্বংসের কারণেই পাহাড়ে পানি সংকট

রাঙামাটিতে সংলাপে বক্তারা

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

রাঙামাটিতে ‘দুর্গম এলাকায় ও পাহাড়ি জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় একটি কনভেনশন সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে উঠে এসেছে, পাহাড়ে দীর্ঘমেয়াদি পানি সংকটের পেছনে রয়েছে অবাধে সেগুন বাগান ও প্রাকৃতিক বন ধ্বংসের কারণ। এছাড়া পর্যটন শহর রাঙামাটির মানুষ প্রতিদিন ৪০–৪৫ টন বর্জ্য উৎপাদন করে।

সংলাপ অনুষ্ঠানে আয়োজক সংস্থা প্রোগ্রেসিভের মুখ্য নির্বাহী পরিচালক সুচরিতা চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলার সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া। প্যানেল আলোচক ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, আশিকা এনজিওর উপ–নির্বাহী পরিচালক কক্সী তালুকদার, সিআইপিডির নির্বাহী পরিচালক পলাশ খীসা।

দুপুরে ‘সর্বজনীন স্যানিটেশন পরিষেবা : দুর্গম ও পাহাড়ি জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা এবং বাস্তবতা’ শীর্ষক সংলাপ শুরু হয়। সংলাপের মূল ধারণাপত্র উপস্থাপন এবং সংলাপ পরিচালনা করেন সিএইচটি উইমেন এ্যাক্টিভিস্ট ফোরাম রাঙামাটির সদস্য নুকু চাকমা। এসময় হেডম্যান পুষ্প তালুকদার, কার্বারি শান্তনা খীসা, বিটু দত্ত, রিতা চাকমা, বিপ্লব চাকমা, এ্যানি চাকমা, বেনজিন চাকমা, ইউপি সদস্য সুনীল কুমার চাকমা, সুরেশ চাকমা, বিটন চাকমাসহ অনেকেই নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর সুপেয় পানির তীব্র সংকট, নিরাপদ ও মানসম্মত স্যানিটেশনের প্রকট সংকট রয়েছে। সরকারি–বেসরকারি উদ্যোগের সীমাবদ্ধতার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অসচেতনতা ও অবহেলা এ সংকটকে অনেকাংশে প্রকট করে তুলেছে। দুর্গম এলাকা ও প্রান্তিক মানুষের নিরাপদ ও মানসম্মত স্যানিটেশনের ক্ষেত্রে পানির সংকট বড় সমস্যা। এ কারণে প্রান্তিক এলাকার মানুষের মধ্যে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ–বালাইয়ের ঝুঁকি থাকে। যে কারণে ডায়রিয়ায় পাহাড়ে এখনো মৃত্যু থামেনি।

বক্তারা আরো বলেন, কেবল প্রান্তিক এলাকা নয়, সামপ্রতিক সময়ে পৌর এলাকায় শৌচাগারের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কাপ্তাই হ্রদের দূষণ বাড়াচ্ছে। পাহাড়ে নিরাপদ স্যানিটেশন গড়ে তুলে প্রান্তিক মানুষের জন্য বাজেট বৃদ্ধি করে মাঠ পর্যায়ে কার্যক্রম বাড়াতে হবে। পাহাড়ে পানি সংকটের পেছনে অবাধে সেগুন গাছ এবং প্রাকৃতিক বন কাটাই বেশি দায়ী।

প্রতিদিন ৪০–৪৫ টন বর্জ্য উৎপাদন করে পৌরবাসী : সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, রাঙামাটি পৌর এলাকার পরিষ্কার–অপরিচ্ছন্নতার কাজে ১৫৮ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন। প্রতিদিন দুইবার পৌর এলাকা থেকে ৪০–৪৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।

তবে শহরের প্রবেশমুখে পৌরসভার ডাম্পিং স্টেশন নিয়ে আমাদের বিকল্প ভাবনা আছে। সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় ৫ একর জায়গায় ডাম্পিং স্টেশন করার উদ্যোগ নেয়া হলেও স্থানীয়দের আপত্তির কারণে সেটা করা যায়নি। তবে সাপছড়ি এলাকায় একটি ডাম্পিং স্টেশন করার উদ্যোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরে অজ্ঞাত নারীর মরদেহ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়নের স্মারকলিপি প্রদান ও সমাবেশ