মোহরায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, পুলিশ জানল সৎকারের পর

আরও ৪ জন হাসপাতালে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:০০ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের মোহরা খেজুরতলা এলাকায় পূজা ও গানের অনুষ্ঠানে বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি পুলিশ জানতে পারে তাদের সৎকার সম্পন্ন হওয়ার পর।

জানা যায়, গত শুক্রবার রাতে মোহরা খেজুরতলা এলাকায় রেললাইনসংলগ্ন মগধেশ্বরী মন্দির মোড়ে পূজা ও নকুল কুমার বিশ্বাসের গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান দেখতে আসা কয়েকজন সেখানে মদপান করেন। পরে তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন অসুস্থ হয়ে পড়েন। তাদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় গত রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুজনের মৃত্যু হয়। তারা হলেন উজ্জ্বল দেব (৫২) ও নান্টু ঘোষ (৫০)। নান্টু ঘোষ মোহরার খেজুরতলা এলাকার বাসিন্দা। উজ্জ্বল দেবের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। ইতোমধ্যে নান্টুর মরদেহ মোহরায় এবং উজ্জ্বলের মরদেহ রাঙ্গুনিয়ায় সৎকার করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে কয়েকজন মদপান করেন। পরে তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন অসুস্থ হয়ে পড়েন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে রোববার ভোরে একজন এবং সন্ধ্যায় আরও একজনের মৃত্যু হয়। সৎকার সম্পন্ন হওয়ার পর পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি জানতে পারে।

এদিকে এ ঘটনায় অসুস্থ চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে স্বরজ বৈদ্য (৫৬), বিধান মহাজন (৩৯) ও রিপন দে চমেক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে রিপন দের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে সুদীপ্ত দত্ত (৩২) নামে একজন নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সাড়ে ৩ লাখ মামলার জট
পরবর্তী নিবন্ধআজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার