শ্রমিকের জুতা চুরি নিয়ে দফায় দফায় হামলা, নিহত ১

বদরখালীর লবণ মাঠ

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার উপকূলীয় বদরখালীতে লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের জুতা হারিয়ে যায়। এ ঘটনা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল লোকজন। তাদের কয়েকদফা হামলায় মেহেদী হাসান সাকিব (২৮) নামে একজন পশু চিকিৎসকেরও মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাকিব বদরখালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাতডালিয়া পাড়ার ওয়াজ উদ্দিনের পুত্র। হামলায় নিহত সাকিবের ৬৫ বছরের বৃদ্ধ বাবা এবং ছোট দুইভাই মোশাররফ হোসেন (২৪) ও আরাফাত হোসেন (২১) গুরুতর আহত হন। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার, স্থানীয় এবং পুলিশ সূত্র জানায়, গত ১৩ আগস্ট লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের জুতা হারিয়ে যায়। সেই জুতা হারানোর ঘটনাকে কেন্দ্র করে সাকিবের দুই ভাইয়ের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথাকাটাকাটি থেকে বিরোধ দেখা দেয়। এর জের ধরে প্রথম দফায় সাকিবের ওপর হামলা চালানো হয়। পরে তিনি নিজ এলাকায় ফিরে এলে আবারও হামলার শিকার হন। স্থানীয়রা বিষয়টি সামাজিকভাবে চেষ্টা করলেও হামলাকারীরা এতে সায় না দিয়ে বৈঠকে উপস্থিত থাকেননি। এমনকি একদিন পর ১৫ আগস্ট সকালে কাইফু ও ইমনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সাকিবদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতবাড়িতে ব্যাপক তাণ্ডব ও লুটপাট চালায়। তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ফের সাকিব, তাঁর বাবা ও ছোট দুই ভাইয়ের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হলে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরে সাকিবকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান সাকিব।

নিহতের পরিবারের দাবিস্থানীয় কাইফু, ইমন, রোকন, জীবন ও জিহানসহ সংঘবদ্ধ একটি চক্র দুই দফায় এই হামলার ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে। তন্মধ্যে ইমন স্থানীয় ইউপি সদস্যের নিকটাত্মীয় হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করতেন এবং তাঁর বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব মারা যাওয়ার খবরে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারো বড় ধরনের সংঘাতসংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে স্বজন এবং স্থানীয়রা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘জুতা হারানোর ঘটনা নিয়ে বিরোধ থেকে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হামলায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত সাকিবের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ নেতা সৈয়দ মাহমুদুল হক বিমানবন্দরে গ্রেপ্তার, হত্যা মামলায় কারাগারে
পরবর্তী নিবন্ধডবলমুরিংয়ে ১২ আইনজীবীসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার