চার ভবন ও ছয় দোকান সিলগালা, ভাঙা হলো পাঁচ ভবনের অবৈধ অংশ

সিডিএর অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে ইমারত নির্মাণ বিধিমালার অনিয়মের বিরুদ্ধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নকশা বহির্ভূত নির্মাণ ও অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানোর দায়ে চারটি ভবন ও ছয়টি দোকান সিলগালা করে দেয়া হয়েছে। একই সঙ্গে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়।

গতকাল সিডিএ’র অথরাইজড–২ এর আওতাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার–২ তানজিব হোসেন।

অভিযানকালে নগরীর পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেট সংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকার মোট ১০টি ভবন সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে অধিকাংশ ভবনেই অনুমোদিত নকশার ব্যত্যয় (ডেভিয়েশন) এবং নকশা বহির্ভূত বর্ধিতাংশ নির্মাণের প্রমাণ পাওয়া যায়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের ঘটনাগুলো পর্যালোচনা করিয়া ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযান চলাকালে নিয়মবহির্ভূতভাবে নির্মিত চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করে দেয়া হয়। এছাড়া অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে পাঁচটি ভবনের নকশা বহির্ভূত কিছু অংশ তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয়। ভবনগুলোর অবশিষ্ট অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করে নেওয়ার শর্তে সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ হতে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ রোধে সিডিএ’র এই কঠোর নজরদারি চলমান থাকবে। অনুমোদিত নকশার বাইরে যারা ভবন নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে কোনোরূপ ছাড় দেয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই থেকে নিখোঁজ তরুণী, উখিয়ার বিলে মিলল রক্তাক্ত লাশ
পরবর্তী নিবন্ধরাউজান আদালতে জজের কক্ষে আগুন, পুড়েছে নথি