রাউজানে আদালতে জজের কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত রাউজান সিনিয়র সিভিল জজ আদালতের এজলাশের পাশে জজ আবদুল মান্নানের চেম্বারে এই আগুন লাগার ঘটনা ঘটে। এসি বিস্ফোরণে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লেও দুর্বৃত্ত কর্তৃক অগ্নিসংযোগ করা হতে পারে বলে ধারণা আদালত সংশ্লিষ্টদের।
আদালত কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় অন্তত ৪০–৫০টি বিভিন্ন মামলার বিচারাধীন গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। এছাড়া এসি, দরজা এবং আসবাবপত্র, কম্পিউটার ও প্রিন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল সোমাবর বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শত শত সেবাপ্রার্থী। পুলিশ ও আদালতে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আদালতের নৈশপ্রহরী ও নাজির আদালতে গেলে অফিস কক্ষে থেকে আগুনের কালো ধোঁয়া দেখতে পান। পরে তারা জজকে অবহিত করে ফায়ার সার্ভিস এবং থানায় খবর দেন। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভৃত হয়ে যায়। তাই কাজ করতে হয়নি, আমরা স্টেশনে ফিরে আসি।
সিনিয়র সিভিল জজ আদালতের নাজির আকাশ নাথ বলেন, সিসি ক্যামেরা থাকলেও সচল না থাকায় ফুটেজ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। আগুনে ৪০ থেকে ৫০টি মামলার নথিপত্র পুড়ে গেছে। একটি কম্পিউটার, একটি প্রিন্ট মেশিন, একটি এসি ও অনেক আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন করা হচ্ছে। রাউজান সিনিয়র সিভিল জজ আদালতে জজের কক্ষে প্রতিদিন কার্যতালিকা অনুযায়ী শতাধিক মামলার বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।
গতকাল শতাধিক মামলার বাদি–বিবাদীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোগান্তিতে পড়েন। সেবা প্রার্থী মনোরঞ্জন ভট্টচার্য্য বলেন, আদালতে আমার একটি মামলা আছে, আমি গত তারিখে হাজির হতে পারিনি। মোকাদ্দমাটা খারিজ করে দেওয়া হয়। পুনর্বহালের আবেদন করলে আজ শুনানি ছিল। এসে দেখছি আদালতে আগুন লাগার কারণে বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ গোলাম সরোয়ার বলেন, আগুনের ঘটনায় সাময়িকভাবে আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগুনের ঘটনা পুলিশ তদন্ত করছেন।
আইনজীবী সমিতির সদস্য শাবলু কান্তি দে বলেন, কার্য তালিকায় থাকা মামলার নথিপত্র পুড়ে যাওয়ায় বিচারিক সকল কাজ বন্ধ রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আদালতের কার্যক্রম স্বাভাবিক হবে।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আগুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। এখানে কি এসি বিস্ফোরণ হয়েছে নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ তা খতিয়ে দেখা হচ্ছে। তবে জজের চেম্বারটি অরক্ষিত থাকায় অগ্নিসংযোগের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।










