ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে ঢাকার কাছে হস্তান্তর প্রশ্নে ভারতের যে দুই শর্তের কথা বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে, এমন কোনো প্রস্তাব দেশটির সরকার দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, প্রতিবেদনটার কোনো ভিত্তি নাই বাংলাদেশের আইনে। কোনো ভিত্তি নাই। এটা সরকারের কোনো রেসপন্সিবল জায়গা থেকে আসে নাই। এই রকম প্রতিবেদন তো আপনিও ছাপাতে পারেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গতকাল সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রতিবেদন ডাজনট মিন এনিথিং, কেননা ভারতের পররাষ্ট্র বা সরকারের অফিসিয়ালি কিছু আছে কি না, সেটা আমরা গ্রহণ করব বা সেটার জবাব দেব আমরা।
এর বাইরে কে কোথায় কী লিখল, সেটা দেখার সময়ও নাই, সেটা আমাদের বিষয়ও না। খবর বিডিনিউজের।
ওই দুই শর্তের বিষয়ে বাংলাদেশের কোনো পর্যায়ে ভারত বলেছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, নো, নট অ্যাট অল। আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কথাই হয় নাই। প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী শামা বলেন, সাজাপ্রাপ্ত আসামিরা বাংলাদেশের বাইরে যখন অবস্থান করে, তাদেরকে ফেরত আনার ব্যাপারে আপনারা ভালোমতোই জানেন যে, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, প্রত্যর্পণ চুক্তি আছে। সেই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে। তো সেই জায়গাতেই আছে। এর উপরে নতুন কোনো খবর আমার কাছে নাই। তিনি বলেন, সেই জায়গায় উনি কীভাবে আসবেন? সেটা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। এবং আমরা মনে করি, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো উনিও এখানে আসবেন এবং এসে সাজা ভোগ করবেন।
নাগরিক হলেই কাউকে পাসপোর্ট দেওয়ার আইনি বাধ্যবাধকতা নেই মন্তব্য করে তিনি বলেন, আপনি যদি দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি হন, যদি মানবাধিকার নিয়ে আপনার বিরুদ্ধে মামলা হয়ে থাকে, কারণ যা যা হয়েছে, ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসে, সেটাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর আওতায় উনার সাজা, উনার রায় হয়েছে এবং রায় হয়ে সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি হিসেবে উনি বিদেশে আছেন।
এক সাংবাদিক জানতে চান, ঢাকার চাওয়া যদি হয়, হাসিনার সাজা কার্যকর করা। তাহলে তাকে ট্রাভেল পাস বা অন্যভাবে আসার সুযোগ দিয়ে তাকে আটক করার সুযোগ বাংলাদেশ কেন নেবে না? উত্তরে শামা ওবায়েদ বলেন, আমি আপনাকে প্রশ্ন করি, ভারত কেন প্রত্যর্পণ চুক্তির সুযোগ নেবে না? সুতরাং যেকোনো আসামি, সে হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তারপরে আপনার হাদির হত্যাকারীরা, সবাই তো একই ক্যাটাগরিতে পড়ছে। তো আপনার তো প্রত্যর্পণ চুক্তির আওতায় সবাই ফেরত আসতে পারে। তো সেই জায়গাটায় ভারত যদি সাড়া দেয়, তাহলে বাংলাদেশের মানুষের জন্য সহজ হয়, বাংলাদেশ সরকারের জন্য সহজ হয়।
আইনজীবীর মাধ্যমে হাসিনার পাঠানো চিঠির উত্তরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কয়েকটি আইনজীবী প্রতিষ্ঠান মিশনের কাছে একটি প্রশ্ন জানিয়েছে। তো মিশন সেটা পেয়েছে এবং এটা আমাদের সরকার দেখছে, বিবেচনা করছে। আর সেটা তো আমি বলেছি যে, আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী, ১৯৭৩ এর আইন অনুযায়ী, ১৯৭২ সালের আইন অনুযায়ী, নাগরিক হলেই যে পাসপোর্ট পাওয়া যাবে, তার নিশ্চয়তা নেই। আপনি যদি দণ্ডিত অপরাধী হন, যদি আপনার বিরুদ্ধে মামলা থাকে, তাহলে বাংলাদেশ সরকার দায়বদ্ধ না তাকে, যে কাউকে পাসপোর্ট দিতে।
হাসিনার দিল্লিতে অবস্থানের কারণে দুই দেশের সম্পর্কের প্রভাব নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ভারত–বাংলাদেশের সম্পর্ক হাসিনার চেয়ে অনেক বিশাল ব্যাপার। আপনাদের প্রতি আমার সব প্রকার সহানুভূতি রেখে বলতেছি যে, আমরা বিষয়টিকে যতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশের এখন বর্তমানে অনেক ইস্যু আছে কথা বলার, অনেক কাজ বাংলাদেশ সরকার করছে, এটা ছাড়াও অনেক ইস্যু আছে আমাদের আলোকপাত করার। এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের আগে থেকে শুরু হয়েছে। এই সম্পর্ক এই ব্যাপার নিয়ে সীমাবদ্ধ না।
বাংলাদেশের বিভিন্ন স্থানের সহিংসতার সঙ্গে হাসিনাকে জড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এই ‘সন্ত্রাসী দল’ তো আগেও যা করেছে, এখনো তাই করছে। তো, এই ‘সন্ত্রাসী’ যখন আরেকটি দেশে বসে, যেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে এবং উন্নত হওয়ার প্রয়োজন, সেই দেশে বসে যখন করে, অবশ্যই সেটা তো বাংলাদেশের সরকার হিসেবে আমাদের সেটা অ্যাড্রেস করার প্রয়োজন আছে। কনস্যুলার সংলাপের বিষয়ে গণমাধ্যম অপতথ্য প্রচার করেছে মন্তব্য করে শামা ওবায়েদ বলেন, এটাও একটা ভুল তথ্য পত্রিকায় ছাপা হয়েছে, আমি দেখলাম, তখন আমি দেশে ছিলাম না। বৈঠক বাতিল করা হয়নি, শুধু পিছিয়ে দেওয়া হয়েছে।







