বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের মিজোরাম রাজ্যের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা থেকে স্থানীয় ম্রো সমপ্রদায়ের দুই যুবকসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার গভীর রাতে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) সদস্যরা সীমান্ত পিলার ৬৩/৬৪ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করেন। বিজিবি সূত্রে জানা গেছে, রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার সীমান্ত দিয়ে গত ৫ নভেম্বর স্থানীয় ম্রো সমপ্রদায়ের দুই যুবকের সঙ্গে আরও ছয়জনের একটি দল থানচি উপজেলা হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকার দিকে যায়। একপর্যায়ে তারা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের সংযোগস্থলের শূন্যরেখায় প্রবেশ করে। বিষয়টি জানতে পেরে রুমা ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৬৩/৬৪ সংলগ্ন শূন্যরেখার বাংলাদেশ অংশ থেকে তাদের আটক করেন। পরে তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় ছুরি, তাঁবু, শুকনো খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের বারইহুদা গ্রামের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার নারুলি পশ্চিমপাড়ার মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩), পোস্তগোলা এলাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার জিনাগড় গ্রামের মো. হোসেন শরিফ (২৯), চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬) এবং স্থানীয় ম্রো জনগোষ্ঠীর সদস্য লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০)।
বিষয়টি নিশ্চিত করে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার জানান, ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ম্রো সমপ্রদায়ের দুই যুবকসহ মোট ৮ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তারা কী কারণে সীমান্তের শূন্যরেখায় গিয়েছিলেন, তা জানা যাবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আটক ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় যাওয়ার উদ্দেশ্য জানতে তদন্ত করছে বিজিবি।









