গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ-বিজিবি

পরিস্থিতি অনেক ভালো বললেন ডিআইজি

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

টানা দুদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল, হামলা–ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গতকাল সোমবার থেকে গোপালগঞ্জে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল সকাল থেকে সাঁজোয়া যান নিয়ে জেলাজুড়ে টহল জোরদার করেছে বিজিবি। তিন দফায় মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ সড়কে দুই হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা। খবর বিডিনিউজের।

এদিকে, ভোর থেকে সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন। তারা স্বাভাবিকভাবে কাজকর্ম করছেন। শহরে ইজিবাইক, রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। স্কুল–কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরা বাইরে বের হয়েছে। শহরের দোকানপাট খুলেছে। সাধারণ মানুষের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে বিকাল পৌনে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার পুলিশ বঙের সামনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। জেলার বর্তমান আইন–শৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গত দুই দিনের তুলনায় আজ পরিস্থিতি অনেক ভালো। সাধারণ মানুষও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। জনগণ নিজেদের সম্পদ ও জনজীবন রক্ষায় দায়িত্বশীল থাকলে এবং পুলিশ আইনগত দায়িত্ব সঠিকভাবে পালন করলে পরিস্থিতিতে স্বস্তি ফিরে আসবে।’ ডিআইজি বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন। জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে দুই হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা থেকে আটক ৮
পরবর্তী নিবন্ধরাউজান উপজেলা যুবদলের সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ