আগামী প্রজন্মের জন্য বিনিয়োগটা যেন সঠিকভাবে করি : ভূমি প্রতিমন্ত্রী

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পুনর্গঠন বা পুনঃবিনির্মাণের যে প্রতিজ্ঞা সেটি হচ্ছে আগামী প্রজন্মের জন্য বিনিয়োগ করা। সে বিনিয়োগটা যেন আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি তার ব্যবস্থা করা এবং এটার প্রথম জায়গা হলো প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলো। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শুরু থেকে মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিতে পরিণত করতে না পারি, তাদের আলোকিত ব্যক্তিত্বে, সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্ম যে অবকাঠাগত বিনিয়োগ যে লজিস্টিক সাপোর্ট দিচ্ছি তা পুরোটাই ব্যর্থ হবে। আমি আশা করছি আজকে যারা এ বিদ্যালয়ের সাথে সংযুক্ত অর্থাৎ গভর্নিং বডির সাথে আছেন বা নেই, যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, যারা অভিভাবক আছেন, যারা শিক্ষক–শিক্ষিকা আছেন, প্রধান শিক্ষক আছেন, সকলের ঐকান্তিক দায়িত্ব হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের যোগ্য নেতৃত্বের জায়গায় পৌঁছানোর জন্য যেভাবে প্রস্তুত করা দরকার সেভাবে প্রস্তুত করা।

গতকাল সোমবার হাটহাজারীর উত্তর মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. ফেরদৌস মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ–পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ জাহিদ উদ্দিন খালেদ চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি জমির উদ্দিন চৌধুরী। মো. ফয়েজ উল্লাহ শাহ ও গোপা রানী পালের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দীপাল চন্দ্র শীল। এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় পাখি শিকারে ব্যবহৃত ৫ হাজার ‘কৃত্রিম বক’ জব্দ