দুর্দিনে আহত হাতিটি একা নয়, পাশে রয়েছে পুরুষ সঙ্গী

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

পেছনের ডান পায়ে গভীর ক্ষত। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বন্য স্ত্রী হাতিটি। ক্ষত থেকে বের হচ্ছে পুঁজ, উঠে গেছে চামড়া। যন্ত্রণায় স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছে না। তবে এই দুর্দিনে একা নয় সে। পাশে রয়েছে একটি পুরুষ হাতি। আহত হাতিটি থেমে গেলে সেও থামছে, আবার চলতে শুরু করলে এগিয়ে যাচ্ছে পাশে পাশে। কয়েক দিন ধরে এমন দৃশ্যই দেখা যাচ্ছে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায়।

গতকাল সোমবার ভোর ছয়টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় হাতি দুটিকে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে হাতি দুটি।

স্থানীয়দের ভাষ্য, আহত হাতিটি একটি স্ত্রী হাতি। এর পেছনের ডান পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে। চামড়া উঠে যাওয়ায় সেখানে পচন ধরেছে। গুরুতর আঘাতের কারণে হাতিটি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না। ক্ষতটি গুলির আঘাতের মতো মনে হলেও কীভাবে হাতিটি আহত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ আশঙ্কা করছেন, পাহাড়ে অবস্থানকারী অপরাধী চক্রের গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে এ আশঙ্কার পক্ষে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত স্ত্রী হাতিটি থেমে গেলে পুরুষ হাতিটিও থেমে যাচ্ছে। আবার চলতে শুরু করলে সেও পাশে পাশে এগিয়ে যাচ্ছে। কখনো পাশাপাশি হাঁটছে, কখনো দাঁড়িয়ে থাকছে আহত হাতিটির কাছে। সঙ্গীর প্রতি পুরুষ হাতিটির এমন নিবিড় উপস্থিতি দেখে আবেগাপ্লুত স্থানীয়রা। তবে একই সঙ্গে আহত হাতিটির শারীরিক অবস্থা নিয়ে তাদের উদ্বেগও বাড়ছে।

শীলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে বনকর্মীদের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান তিনি। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

পরে বন বিভাগের উদ্যোগে ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে আহত হাতিটির চিকিৎসা শুরু করে। এ সময় হাতিটির কাছে গিয়ে বিরক্ত করা বা আক্রমণের চেষ্টা না করতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন বন কর্মকর্তা।

বাহারছড়া এলাকায় খাবারের সন্ধানে প্রায়ই বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। এতে সুপারি বাগানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়। কখনো হাতির আক্রমণে মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটে। তবে এবার আহত হাতিটির অসহায় অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারাই তার চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তাদের আশঙ্কা, দ্রুত ও কার্যকর চিকিৎসা অব্যাহত না থাকলে হাতিটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে উঠুক হাতিটি। ফিরে যাক তার সঙ্গীর সঙ্গে বনের নিরাপদ আশ্রয়ে।

পূর্ববর্তী নিবন্ধশেষ বিকেলে হাসানের তিন উইকেটে স্বস্তি