সামাজিক মাধ্যমে সন্ত্রাসী রায়হানের পোস্ট নিয়ে আলোচনা

তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে : এসপি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলম পুলিশের অভিযানের মুখে নোয়াখালী থেকে পালিয়ে যাওয়ার ঘটনার পর নিজের ফেসবুক আইডি থেকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমকে উদ্দেশ্য করে একটি তীর্যক পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সমপ্রতি শীর্ষ সন্ত্রাসী ডিভিড ইমন গ্রেপ্তার হওয়ার দিনই নোয়াখালীতে রায়হান আলমের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায় বলে দাবি করা হয়।

পরদিন এক সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছিলেন, ‘আমরা রায়হানকে প্রায় ধরেই ফেলেছিলাম। সে কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে।’

ধারণা করা হচ্ছে, এসপির ওই মন্তব্যের প্রতিক্রিয়াতেই রায়হান তার ফেসবুক পোস্টটি দিয়েছে।

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ নোয়াখালী রংমালার মানুষদের। তারা এমন নিখুঁতভাবে আমার পাশে দাঁড়িয়েছে। বিপদে সাহায্যসহযোগিতা পাওয়ার জন্য ভালোখারাপ সব পর্যায়ের মানুষের কাছেই আশা করা হয়, যা আমি নোয়াখালী থেকে পেয়েছি। আলহামদুলিল্লাহ। সুযোগ পেলেই ভালো হয়ে যাব। তবে এখনো অনেকে মনে করছে সব শেষ। শেষের কিছু নেই, বিপদ আসবেই। তাই বলে হতাশ হওয়ার সুযোগ নেই।’

গতকাল সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে রায়হানের সর্বশেষ ফেসবুক পোস্টের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি মাসুদ আলম বলেন, ‘আমরা তাকে ধরতে ওই এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা চিরুনি অভিযান চালিয়েছিলাম। হতে পারে, কেউ তাকে পালিয়ে যেতে বা লুকিয়ে থাকতে সহায়তা করেছে। তবে সেটি নিশ্চিত করে আমরা বলতে পারছি না।’

রায়হানের পোস্টে নোয়াখালীর মানুষকে ধন্যবাদ জানানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো নোয়াখালীর মানুষ তো তাকে সাহায্য করেনি। হতে পারে, গুটিকয়েক ব্যক্তি জেনে বা না জেনে তাকে সহযোগিতা করেছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করে এসপি মাসুদ আলম বলেন, সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৪০ মিনিটের পথ পাড়ি দেওয়া গেল না চার বছরেও
পরবর্তী নিবন্ধআন্ডারওয়্যারে দুই কোটি ৬৫ লাখ টাকার স্বর্ণ, দুবাই ফেরত যাত্রী আটক