দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে দর্শকপ্রিয় সুপারহিরো ‘স্পাইডার–ম্যান’। আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তির আগের দিন বৃহস্পতিবার থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে দেখা যাবে ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বুধবার সিনেমাটি নিয়ে এক বিশেষ প্রদর্শনী আয়োজন করে স্টার সিনেপ্লেক্স, যেখানে উপস্থিত ছিলেন দেশের অভিনয়শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকরা। সেখানে সিনেমাটি নিয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ইউরোপ–আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটি ৩১ জুলাই শুক্রবার মুক্তি পাচ্ছে। তবে বিশেষ অনুমতি নিয়ে আমরা বাংলাদেশের মার্ভেল ভক্ত ও দর্শকদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছি।
সিনেমাটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, শুধু আমাদের দেশেই নয়, বিশ্বজুড়েই টম হল্যান্ড ও মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম এই কিস্তি নিয়ে চরম উন্মাদনা তৈরি হয়েছে। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমায় স্পাইডার–ম্যান বা পিটার পার্কার চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তার বিপরীতে এমজে চরিত্রে দেখা যাবে জেনডায়াকে। আগের কিস্তির অন্যান্য চেনা মুখের মধ্যে জ্যাকব ব্যাটালন এবং হাল্ক খ্যাত মার্ক রাফেলো সিনেমাতে ফিরছেন। যুক্ত হয়েছেন বেশ কিছু নতুন মুখ। পিটারের স্মৃতি মন থেকে মুছে যাওয়ার পর এমজের জীবনে নতুন আসা প্রেমিকের চরিত্রে অভিনয় করছেন ইমান এসফান্দি। এছাড়া স্ট্রেঞ্জার থিংস খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ককে দেখা যাবে একটি রহস্যময় চরিত্রে।












