সঙ্গীত ভবনের হীরক জয়ন্তীর ছয়দিনব্যাপী উৎসবের চতুর্থ ও পঞ্চম দিন চট্টগ্রাম জেলা একাডেমি মিলনায়তন মুখর ছিল বাংলা জনপ্রিয় সব আধুনিক গান এবং বাউল–লোকসংগীতের সুরের ধারায়।
শিল্পী বিভাষ সেনগুপ্তের পরিচালনায় গত ৩০ অক্টোবর ৫ম দিনের অনুষ্ঠানমালা শুরু হয় ‘মাটির কোলে খাঁটি মানুষ’ ও তুলিপ সেনগুপ্তের সুরে ‘এই মাটির লাইগারে ভাই’ এই দুটি গানের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে অতিথি ছিলেন–ভাস্কর অলক রায়। তাঁর হাতে সংগঠনের স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের সহসভাপতি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক নুর নবী মিরণ। সমবেত পরিবেশনা ‘নদীর ধারে পথ’ ও ‘এই দেশ এই দেশ’ এই দুটি গান দিয়ে শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যার অনুষ্ঠানমালা। সংগীত পরিচালনা করেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্তা। অতিথি ছিলেন–কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। সঙ্গীত ভবনের শিল্পী জয়িতা চৌধুরীর কন্ঠে জনপ্রিয় ‘ভুলিতে পারি না তারে’ দিয়ে শুরু হয় আধুনিক গানের একক পরিবেশনা। সৈয়দ শামসুল হকের লেখা ও বশির আহমেদের গাওয়া ‘ডেকো না আমারে’ গানটি পরিবেশন করেন শফিউর রহমান সাইফ। আশিকুজ্জামান টুলুর সুর, ডা. সেজান মাহমুদের কথায় সামিনা চৌধুরীর গাওয়া জনপ্রিয় ‘কোনো এক সুন্দরী রাতে’ গানটি পরিবেশন করেন সাদিয়া কবির। প্রকৌশলী মো. সিদ্দিক হোসেনের পরিবেশন করেন নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া বিখ্যাত গান ‘কেঁদে কেঁদে কি হবে’।
এছাড়াও মঞ্চে গান পরিবেশন করেন সারা নূর অগ্নিলা, ঋদ্বিমান দত্ত, শক্তি চৌধুরী, সুস্মিতা সাহা, রামিসা আনজুম, মাহমুদা আক্তার শিউলি ও কুশান দাশ। অনুষ্ঠানে ওস্তাদ দোলন কানুনগোর পরিচালনায় যন্ত্র সংগীত জোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদ সমবেত গিটারের সুরে পরিবেশন করে ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ গানটি। মঞ্চে আমন্ত্রিত সংগঠন হিসেবে সমবেত গান ও দলীয় নৃত্য পরিবেশন করেন ‘জয়ন্তী সংগীত বিদ্যাপীঠ’, বাগীশ্বরী সঙ্গীতালয়, দ্য একাডেমি অফ ক্ল্যাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স এবং বোধন। শুক্রবার লোকসংগীতের আসরে ‘আমার বন্ধু দয়াময়’ পরিবেশন করেন হায়দারী আন্দালুসিয়া। শাহ আবদুল করিমের ‘প্রেম ফুলের গন্ধে’ গানটি শোনান প্রণবেশ চক্রবর্তী। নাহিদা আক্তার মুন্নির কন্ঠে ‘আমি ঘোমটা খুলে’ এবং কাজী ওয়াজি ইফতেখার শাওন পরিবেশন করেন ‘গোলেমালে গোলেমালে পিরিত’ গানটি। এছাড়াও সংগীত পরিবেশন করেন বর্ণালী ঘোষ কথা, পিয়াসা বিশ্বাস, কাজী নুসাইর সাইফুল, কাজী ওয়ানিয়া আলীমাহ, পৃথিকা নাথ, তাসিন হক খান ও মোনাজা আমিন পূর্ণ। অনুষ্ঠানে বক্তব্য দেন– আব্দুল মান্নান রানা, ডা. তনুজা তানজিন, শাহরিয়ার খালেদ, কবি জিললুর রহমান, গুরুপদ চক্রবর্তী ও কবি মনিরুল মনির। প্রেস বিজ্ঞপ্তি।












