ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের পর এবার নিজের দেশ বাংলাদেশে ফিরছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সঞ্জয়। খবর বাংলানিউজের। একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজেই জানান, টেকনোর স্পেশাল গেস্ট পারফর্মার হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছেন তিনি। সমপ্রতি ফিফা বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ পারফর্ম করে আলোচনায় আসেন তিনি। সেই অনুষ্ঠানে রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংবলিত একটি বিশেষ জ্যাকেট পরে নিজের বাংলাদেশি পরিচয়ও তুলে ধরেন সঞ্জয়। এ প্রসঙ্গে সঞ্জয় দেব বলেন, ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য টেকনোকে অনেক ধন্যবাদ। টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে তার মিউজিককে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।









