নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ভেসাক ডে উদযাপিত

| বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইতিহাসে প্রথমবারের মতো ১০টি দেশের বৌদ্ধ সমপ্রদায় একই ছাদের নিচে একত্রিত হয়ে উদযাপন করল ইন্টারন্যাশনাল ভেসাক ডে। বাংলাদেশ বুড্ডিস্ট কমিউনিটি অব নিউইয়র্ক ইনকের আয়োজনে গত ২৮ জুন নিউইয়র্কের পিএস ৬৯ কিউ দ্য জ্যাকসন হাইটস স্কুলে এ আয়োজনে বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষাভাষী শতশত বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন। দিনব্যাপী এ কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল নিউইয়র্কের ব্যস্ততম এলাকায় চারটি সড়ক বন্ধ করে বর্ণাঢ্য ভেসাক ডে শোভাযাত্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ বুড্ডিস্ট কমিউনিটি অব নিউইয়র্ক এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে এমন একটি সম্মিলিত বৌদ্ধ সম্মেলনের আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে বন্ধুত্ব ও ঐক্যের চেতনায় এশিয়াজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন বৌদ্ধ সমপ্রদায়কে একত্রিত করার ক্ষেত্রে আয়োজকদের ভূমিকার প্রশংসা করেন। মেয়র জোহরান মামদানী বলেন, শান্তি, সহানুভূতি, সমপ্রীতি ও প্রজ্ঞার মতো বুদ্ধের কালজয়ী শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বিশ্বের অন্যতম সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় নিউইয়র্ক শহরে অন্তর্ভুক্তিমূলক, শ্রদ্ধাশীল ও সহনশীল সমাজ গঠনে বুদ্ধের আদর্শ অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানে বাংলাদেশ, ভুটান, ভারত, চীন, জাপান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও তিব্বতের বৌদ্ধ সমপ্রদায়ের পাশাপাশি ৩৩টি সংগঠন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অসংখ্য পুণ্যার্থী ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। সংঘাতময় বিশ্বে মহাকারুণিক বুদ্ধের অহিংসা, করুণা, মৈত্রী ও শান্তির বাণী সকাল থেকেই জ্যাকসন হাইটসের স্কুল মিলনায়তন পূজনীয় ভিক্ষুভিক্ষুণী, বিভিন্ন দেশের বৌদ্ধ সমপ্রদায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, পরিবার এবং তরুণতরুণীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। বৌদ্ধ ধর্মীয় পতাকা, বুদ্ধের বাণীসম্বলিত ফেস্টুন, ব্যানার, পদ্মফুল ও বুদ্ধের প্রতিকৃতি দিয়ে পুরো মিলনায়তন নান্দনিকভাবে সাজানো হয়, যা গভীর শ্রদ্ধা, সমপ্রীতি ও উৎসবের আবহ সৃষ্টি করে। বাংলাদেশ বুড্ডিস্ট কমিউনিটি অব নিউইয়র্ক ইনকের সাধারণ সম্পাদক অমিত বড়ুয়ার সঞ্চালনায় প্রথাগত প্রার্থনা এবং বুদ্ধের উদ্দেশ্যে ফুল, মোমবাতি ও ধূপ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী ভিক্ষুরা পালি, সংস্কৃত, তিব্বতি ও অন্যান্য পবিত্র ধর্মীয় ভাষায় সুত্রপাঠ ও কীর্তন পরিবেশন করেন। উদ্বোধনী বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ভেসাক ডে উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা উরগেন শেরপা। আশীর্বাদসূচক বক্তব্য দেন, বাংলাদেশ বুড্ডিস্ট বিহার অব নিউইয়র্কের অধ্যক্ষ মুদিতা রত্ন থের। পঞ্চশীল প্রদান করেন কোট্টাওয়া নন্দ ভিক্ষু। বাংলাদেশ থেকে আগত ইউ পঞ্‌ঞা দীপ ভিক্ষু স্বল্প সময়ের ভাবনা পরিচালনা করেন। করণীয় মেত্তা সূত্র থেকে পাঠ করেন সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. জিনপ্রিয় মহাথেরো। দুপুরের খাবারের পর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শত শত মানুষের অংশগ্রহণে ব্যানার, ফেস্টুন, বৌদ্ধধর্মীয় শোভাময় ছাতা ও ধর্মীয় পতাকা হাতে বুদ্ধ বন্দনা, গান, স্লোগান ও সুত্রপাঠের মধ্য দিয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল মিলনায়তনে ফিরে আসে। ধর্মদেশনা ও সাংস্কৃতিক পরিবেশনা বিশুদ্ধবংশ থেরের পরিচালনায় বিভিন্ন দেশের শিশুদের মঙ্গলাচরণ পরিবেশনের মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী। স্বাগত বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক রুপক বড়ুয়া। প্রধান ধর্মদেশক ছিলেন কানাডার অন্টারিওর ওয়েস্ট অ্যান্ড বুড্ডিস্ট টেম্পল অ্যান্ড মেডিটেশন সেন্টারের আবাসিক ভিক্ষু ড. শরনাপাল ভিক্ষু। ধর্মদেশনা করেন আধ্যাত্মিক নেতা দালাই লামার অন্যতম শিষ্য হিজ এমিনেন্স গেগ্যে ইয়ংইয়াল রিনপোছে, জাপানের টিকে নাকাগাকি, শ্রীলঙ্কার ধম্মাজ্যোতি থের, চীনের ইউ লিন, মিশিগান থেকে আগত ধর্মানন্দ মহাথেরো এবং বিশুদ্ধবংশ থের। বক্তব্য দেন বাংলাদেশ বুড্ডিস্ট কমিউনিটি অব নিউইয়র্ক ইনকের সভাপতি শুভাশীষ বড়ুয়া এবং উদযাপন পরিষদের সদস্যসচিব সাম্যশ্রী বড়ুয়া। পরে বাংলাদেশ, তিব্বত, নেপাল, মিয়ানমার ও ভুটানের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ইন্টারন্যাশনাল ভেসাক ডে উপলক্ষে ‘লুম্বিনী’ নামে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের এ দুর্যোগে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ এমপি সাঈদ নোমানের
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু