নগরীর বাকলিয়া থেকে ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আদালতে অনুপস্থিত থাকায় দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল–৩ এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আনোয়ারা থানার বরুমছড়া এলাকার মো. আলম ও সেনোয়ারা বেগম এবং খুরুশকুল এলাকার মোশারফ আলী।
আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন দৈনিক আজাদীকে রায়ের তথ্য নিশ্চিত করে বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৪ জুলাই বাকলিয়া থানাধীন মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে থেকে ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবাসহ দণ্ডপ্রাপ্তদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র্যাব–৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিলুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।










