হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ সিয়াম (১৩) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে হাটাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ শায়েস্তা খাঁ পাড়া এলাকার আব্দুল কাদের সওদাগর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার ছিপাতলী ইউনিয়নের মো. কাশেমের পুত্র। সে পৌরসভার স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
জানা যায়, সায়েমের গ্রামের বাড়ি উপজেলার ছিপাতলী ইউনিয়নে হলেও সে পরিবারের সাথে পৌরসভার শায়েস্তা খাঁ পাড়া এলাকায় একটি কলোনিতে ভাড়া বাসায় থাকত। গতকাল মঙ্গলবার সকালে সায়েম আব্দুল কাদের সওদাগর বাড়ি এলাকার একটি পুকুরের পানিতে পড়ে গেলে স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ব্যবসায়ী মনজু জানান, গতকাল বাদে আছর শায়েস্তা খাঁ পাড়া এলাকার একটি মসজিদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সায়েমকে দাফন করা হয়েছে।










