ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ জুলাই

সম্পদের মামলা

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়েছে। শুনানি নিয়ে আগামী ২১ জুলাই এ বিষয়ে আদেশের দিন রেখেছে আদালত। রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর এ আদেশ দেন। খবর বিডিনিউজের।

দুদকের কোর্ট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এদিন শুনানিকালে কারাগার থেকে মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও বিডিআর বিদ্রোহ মামলার প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন অব্যাহতি চেয়ে শুনানি করেন। প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক মামলা দায়ের করে। মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। এতে বলা হয়, মো. মতিউর রহমানের দাখিল করা সম্পদ বিবরণীতে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ তথ্য দিয়ে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬() ও ২৭() তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫() ধারায় অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ আটজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধসিএসইতে কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক ট্রেনিং কোর্স শুরু