পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্নাতক (২৮তম ব্যাচ ও ৩০তম ইভিনিং ব্যাচ) এবং স্নাতকোত্তর (৩৪তম ও ৩৫তম ব্যাচ) শিক্ষার্থীদের সম্মানে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কেন্দ্রীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষার প্রকৃত সার্থকতা অর্জিত জ্ঞানকে সমাজ ও মানব কল্যাণে প্রয়োগের মধ্যেই নিহিত। তিনি বিদায়ী শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষ অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলি ধারণ করে দেশ ও সমাজের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থীদের প্রতিনিধি বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












