মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক শিক্ষাদর্শের প্রসার এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড (এএইএমবি), চট্টগ্রামের উদ্যোগে চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটরে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ১০টি মাদ্রাসার প্রায় ১৮০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাদ্রাসা শিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল, আউটকাম বেইজড লার্নিং (ওবিএল), শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, শ্রেণিকক্ষ ও সময় ব্যবস্থাপনা, ইতিবাচক শৃঙ্খলা চর্চা, শারীরিক শাস্তি রহিতকরণ নীতিমালা–২০১১, বুলিং ও সাইবার নিরাপত্তা, প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতকরণ, চাকরি ও ছুটি বিধিমালা, আর্থিক শৃঙ্খলা এবং কার্যকর পাঠ পরিকল্পনা প্রণয়ন বিষয়ে আলোচনা করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাউজান দারুল ইসলাম মাদ্রাসার সহকারী মৌলভী হাফেজ মোহাম্মদ বোরহান কাদের এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মোহাম্মদ সাদ্দাম হোসেন।
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান এম এ হামিদ এফসিএমএ। প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশনে রিসোর্স পারসন ছিলেন, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দিন, প্রফেসর মুহাম্মদ গোফরান এবং অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন।
কর্মশালার সমন্বয় ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যুগ্ম সচিব প্রফেসর মুহাম্মদ গোফরান। প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। গেস্ট অব অনার ছিলেন চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক। সভাপতিত্ব করেন প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি কমর উদ্দিন সবুর এবং আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান এম এ হামিদ, এফসিএমএ।
প্রশিক্ষণার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন রাউজান দারুল ইসলাম মাদ্রাসার সহকারী অধ্যাপক আল্লামা আহমদ উল্লাহ ফোরকান, চন্দ্রঘোনা তৈয়বিয়া তাহেরিয়া নূরুল হক জরিনা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা বদরুল হাসান এবং নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাশরুরা চৌধুরী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। শেষে চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান নিজামী দেশ, জাতি, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











