যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির মধ্যে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যেও মতান্তরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরাজয়ের নেপথ্যে ইরান যুদ্ধের যে ভূমিকা ছিল, তা মেনে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কিন্তু ট্রাম্প যেখানে নিজের যুদ্ধনীতির যৌক্তিকতা বোঝাতে ব্যস্ত, সেখানে এই নীতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ভান্স।
সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে ভান্স জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ, মূল্যবৃদ্ধি, আমেরিকানদের অগ্রাধিকার দেওয়ার নীতি বাস্তবায়িত না–হওয়ার কারণেই রিপাবলিকানদের থেকে মুখ ফিরিয়ে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন ভোটারেরা। সরাসরি না বললেও ট্রাম্পের ডেপুটি ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন যে, ইরানে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত রিপাবলিকান পার্টির কাছে ব্যুমেরাং হয়েছে।
পক্ষান্তরে ট্রাম্প, পরাজয়ের অন্যতম কারণ হিসেবে ইরান যুদ্ধকে স্বীকৃতি দিয়েও বলেছেন যে, এই সিদ্ধান্তের জন্য তার কোনও অনুশোচনা নেই। প্রয়োজনে আবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারেন বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। ভান্সের পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি জানি বিষয়টি (ইরান যুদ্ধ) নিয়ে উনি (ভান্স) কী ভাবছেন। আমার ধারণা ওটা (সামরিক অভিযানের সিদ্ধান্ত) ভালই ছিল। আমরা সেটা জানতাম। ওদের (ইরান) পরমাণু অস্ত্র তৈরি করা বন্ধ করে দিয়েছি। ওরা আর এই অস্ত্র তৈরি করতে পারবে না।’
একই সঙ্গে ট্রাম্প জানান, ২০২৮ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে না–ও লড়তে পারেন ভান্স। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘হয়তো উনি লড়বেন না। আমি জানি না কে লড়বেন।’ অথচ অনেকেই মনে করেছিলেন, ট্রাম্পের উত্তরসূরি হিসেবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী হবেন ভান্সই।
বিবিসি–র প্রতিবেদন অনুসারে, প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধনীতিকে সমর্থন করলেও ঘরোয়া আলোচনায় একাধিক বার এর বিরোধিতাই করেছেন ভান্স। কিন্তু প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের মতপার্থক্যের বিষয়টি এত দিন আড়ালে ছিল। মধ্যবর্তী নির্বাচনের ফল সেই মতানৈক্য প্রকাশ্যে এনে দিল বলেই মনে করছেন অনেকে।
অপরদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগের দাবিও জোরালো হচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধের পক্ষে অবস্থান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক অভিযানে রাজি করানোর ক্ষেত্রে ভূমিকার জন্য সমালোচনার মুখে পড়েছেন তিনি। কংগ্রেসে আগামী সপ্তাহেই তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবে ভোট হতে পারে। রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি বুধবার হেগসেথের পদত্যাগ দাবি করেন।
তিনি গত সেপ্টেম্বরে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আটটি অভিশংসন অভিযোগ আনেন। সিএনএনকে ম্যাসি বলেন, কংগ্রেসের অধিবেশন আগামী সপ্তাহে শুরু হলে তিনি এ বিষয়ে ভোটের উদ্যোগ নেবেন। একাধিক রিপাবলিকান সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।












