ঘাতক লরি চালক গ্রেপ্তার

সীতাকুণ্ডে আইআইইউসির শিক্ষার্থী নিহত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৪:৫৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশা মুসফিয়াতের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ঘাতক লরি চালক মো. রিয়াজ উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রামের একটি বিশেষ দল গতকাল অভিযান পরিচালনা করে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে। রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর বাটির টেক থানা এলাকার মো. আবু তাহের ছেলে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সকাল ৯টার দিকে সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) সামনে ঢাকামুখী একটি দ্রুতগতির লরি স্থানীয় রুটের একটি বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমাণ শিক্ষার্থীদের ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থী মাইশা মুসফিয়াত মর্মান্তিক মৃত্যু হয়। শিক্ষার্থী মাইশার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন।

পরবর্তীতে চট্টগ্রামের জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা।

শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ ঘাতক লরি চালককে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশোচনীয় হারের পরে হোয়াইট হাউসের অন্দরে কলহ তুঙ্গে
পরবর্তী নিবন্ধজাহাজ থেকে সরাসরি তেল খালাস করবে ইন্দোনেশিয়ার পার্টামিনা