কাভার্ড ভ্যান চালকসহ দুই ব্যক্তির যাবজ্জীবন

১৫২ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

নগরীর সিটি গেট এলাকা থেকে ১৫২ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় কাভার্ড ভ্যান চালকসহ দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদেরকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

গতকাল বুধবার চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আক্তার কলি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকার বাসিন্দা রফিক মিয়া ও জামাল উদ্দিন। রায় ঘোষণার সময় অনুপস্থিত থাকায় (পলাতক) তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৪ নভেম্বর নগরীর পাহাড়তলী থানাধীন সিটি গেট পুলিশ চেকপোস্ট এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান থেকে ১৫২ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের হয়। এতে বলা হয়, কাভার্ড ভ্যানটিকে সংকেত দিলে চালক সেটি থামিয়ে পালিয়ে যান। একপর্যায়ে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এসময় সেখান থেকে ১৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি চালকের পাশের আসনে বসে থাকা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় জব্দ করা হয়েছিল কাভার্ড ভ্যানটিও। আদালতসূত্র আরো জানায়, মামলাটির তদন্ত কার্যক্রম শেষে চার্জশিট দাখিল করা হলে আদালত দুই আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধআড়াই হাজার কোটি টাকার উন্নয়ন, কমেছে দেনার পরিমাণ
পরবর্তী নিবন্ধ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন