সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের ভিসা সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক। তিনি বলেছেন, ভিসা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি মন্ত্রী পর্যায়ে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত এ সমস্যার সমাধানের চেষ্টা চলছে। গত ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এনআরবি সিআইপি সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। বর্তমান সরকার জনগণ ও প্রবাসীদের সরকার। জনগণের ভাগ্যোন্নয়নে সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম,
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রী ড. মোহাম্মদ সাঈদ আল কিন্দি, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ৩৬ জনকে সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












