অসুস্থ-অসহায় ১২ ব্যক্তি ও শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে হাজির হয়ে অসুস্থ ও অসহায় ১২ ব্যক্তি ও এক শিক্ষার্থী আর্থিক সহায়তা পেয়েছেন। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদের হাতে এ সহায়তা তুলে দেন। জেলা প্রশাসন জানায়, সাপ্তাহিক গণশুনানিতে জেলা ও নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা ২৫ জন সেবাপ্রত্যাশীর অভাব–অভিযোগ ও আবেদন শোনেন জেলা প্রশাসক।

অনলাইনে যুক্ত হয়ে জমি নিয়ে বিরোধ ও সম্পত্তি জবর দখলের অভিযোগ জানান আরও চার প্রবাসী। এদের মধ্য থেকে অসুস্থ ও অসহায় ১২ ব্যক্তি এবং এক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন জেলা প্রশাসক। কিছু অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও ফলাফল আবেদনকারীদের জানানোর ব্যবস্থাও করা হয়। গণশুনানিতে আসা মানুষের আবেদনপত্রে উঠে এসেছে অভাবের সঙ্গে লড়াই, চিকিৎসার অনিশ্চয়তা আর স্বজন হারানোর বেদনার নানা গল্প–বলেও জেলা প্রশাসন থেকে জানানো হয়। জেলা প্রশাসন জানায়, অনলাইন গণশুনানিতে অংশ নেওয়া চার প্রবাসী তাদের জমি নিয়ে বিরোধ ও সম্পত্তি জবরদখলের অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণশুনানিতে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে কয়েকটির নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ফলাফল সেবাপ্রত্যাশীদের জানানোর ব্যবস্থাও নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ডায়মন্ড সিমেন্টের প্রীতি সম্মেলন