রোববার থেকে আমরণ অনশনের ঘোষণা এবতেদায়ী শিক্ষকদের

এমপিওভুক্তির দাবি

| বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:২১ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের দেওয়া আশ্বাস অনুযায়ী এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার দাবি বর্তমান সরকার বৃহস্পতিবারের (আজ) মধ্যে মেনে না মেনে নিলে রোববার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এই দাবিতে মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে তারা ১৪ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার ওই অবস্থান কর্মসূচি থেকে ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি’র ব্যানারে শিক্ষকরা সচিবালয় অভিমুখে লংমার্চ করলেও পুলিশের বাধায় সে কর্মসূচি পণ্ড হয়ে যায়। পরে পুলিশের মধ্যস্ততায় শিক্ষকদের সাত সদস্যের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেলেও তারা মন্ত্রীর সাক্ষাৎ পাননি। এমন পরিস্থিতিতে বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে ফিরে এসে সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন রোববার থেকে আমরণ অনশন কর্মসূচি চালানোর ঘোষণা দেন। তিনি সন্ধ্যায় বলেন, আমাদের এমপিওভুক্তি আবেদন গ্রহণ, যাচাইবাছাই শেষ। ১ হাজার ৮৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির নীতিগত অনুমোদনও পেয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এমপিওভুক্তির প্রশাসনিক আদেশ জারি করছে না। অর্থ বিভাগে এমপিওভুক্তির টাকা বরাদ্দ দিতে এমপিও ঘোষণার প্রশাসনিক আদেশসহ বিভিন্ন তথ্য চেয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে গত মার্চ মাসে চিঠি দিলেও এ বিভাগ প্রশাসনিক আদেশ জারি করেনি।

আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ তা আটকে দেয়। পরে তারা আমাদের সাতজন প্রতিনিধিকে ভেতরে নিয়ে গেলেও মন্ত্রী সচিবালয়ে না থাকায় আমরা হতাশ হয়ে ফিরে আসি। বৃহস্পতিবারের মধ্যে সরকার এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির দাবি না মানলে রোববার থেকে আমরা কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি শুরু করব।

পূর্ববর্তী নিবন্ধএফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি
পরবর্তী নিবন্ধজিইসি মোড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল