স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করার দাবি জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সংগঠনটি আরো ৬ দফা দাবি উত্থাপন করেছে। গতকাল বুধবার ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ইরফানুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত ১৯ মে এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত যে সিদ্ধান্ত নিয়েছে তা ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে। সংগঠনটির দাবির মধ্যে রয়েছে– চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন এবং ওই আইনের আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করা। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবি জানানো হয়েছে। এছাড়া বিসিএস ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করে ভুয়া ও অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণের দাবিও জানিয়েছে সংগঠনটি।












