মাটিরাঙায় বন ও প্রাণের উৎসব আজ

থাকছে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

প্রকৃতি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙায় আয়োজন করা হয়েছে ‘বন ও প্রাণের উৎসব–২০২৬’। পিটাছড়া ফরেস্ট ও বায়োডাইভার্সিটি কনজার্ভেশন ইনিশিয়েটিভের উদ্যোগে আজ (শনিবার) পূর্ব খেদাছড়ার ৩৫ নম্বর খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় উৎসবের উদ্বোধন করবেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিটাছড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল।

আয়োজকেরা জানান, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে প্রকৃতির সম্পর্ক তুলে ধরাই এ উৎসবের মূল উদ্দেশ্য। প্রাকৃতিক বন উজাড় ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের প্রেক্ষাপটে জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ হিসেবে গড়ে উঠেছে পিটাছড়া ফরেস্ট ও বায়োডাইভার্সিটি কনজার্ভেশন ইনিশিয়েটিভ। পিটাছড়ার ৭৫ একর এলাকাজুড়ে বিস্তৃত এ অরণ্যে রয়েছে ১৫০ প্রজাতির পাখি, ২৭ প্রজাতির সাপ এবং ২০ প্রজাতির ব্যাঙ ও কচ্ছপ। এ বনে লজ্জাবতী বানর, বনরুই ও মেছোবিড়ালের মতো বিরল বন্যপ্রাণীরও আবাস রয়েছে। পাশাপাশি গড়ে তোলা হয়েছে ছয় হাজার দেশি গাছের নার্সারি। প্রতিষ্ঠা করা হয়েছে মেডিকেল সেন্টার, পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র। উৎসবের অংশ হিসেবে শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ঘিলা খেলা, বাঁশ খেলা ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। এরপর বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কোদালা মাদ্রাসার বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধকাল থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে : শ্রমমন্ত্রী