জিইসি মোড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। গতকাল বুধবার জিইসি মোড় থেকে মিছিলটি বের হয়। এতে প্রায় হাজারখানেক নেতাকর্মী অংশ নেন। ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে সংগঠনটির ‘গুপ্ত মিছিল’ প্রতিহত করতে নগরবাসী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু ও সদস্য কামরুল হাসান আকাশ। আরিফুর রহমান মিঠু বলেন, ‘ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে আজকের মিছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের শান্তির বার্তা পৌঁছে দিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার বিরুদ্ধে চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান নির্দেশে নগর ছাত্রদলের আজকের মিছিল।

কামরুল হাসান আকাশ বলেন, চট্টগ্রামে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য চলতে দেওয়া হবে না। তারা ‘গুপ্ত মিছিল’ করে যেই বার্তা দিচ্ছে তা মোটেও শুভকর নয়। দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়ে জনগণের কাছে ক্ষমা না চাইলে দেশে তাদের পুনরায় রাজনীতি করার কোনো সুযোগ নেই।

এ সময় সিভাসু ছাত্রদলের সদস্য সচিব মো. শাহরিয়ার, নগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, মোহাম্মদ ইব্রাহিম, নজরুর ইসলাম নিলয়, মো. জিন্নাহ, মোহাম্মদ রকি, জাহাঙ্গীর আলম হৃদয়, হৃদয় আজাদসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরোববার থেকে আমরণ অনশনের ঘোষণা এবতেদায়ী শিক্ষকদের
পরবর্তী নিবন্ধসর্বজনীন পেনশন : ব্যাংক কর্মীদের প্রগতি স্কিমে আনার উদ্যোগ