দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরাম পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রামে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম।
সংশ্লিষ্টরা বলছেন, এক পক্ষের বয়কটের মাঝেও বিপুল সংখ্যক ব্যবসায়ীর উৎসাহ, উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। নির্বাচনের সরাসরি ভোটে অর্ডিনারি গ্রুপে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপে ৬ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ট্রেড গ্রুপ থেকে ৩ জন ও টাউন এসোসিয়েশন থেকে ৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ৪টি ক্যাটাগরি থেকে মোট ২৪ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আমিরুল হকের নেতৃত্বে ইউনাইটেড বিজনেস ফোরামই পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। আজ রোববার বেলা ১১টায় চেম্বার ভবনে পরিচালকদের বৈঠকে চেম্বার প্রেসিডিয়াম গঠন করা হবে।
অর্ডিনারি গ্রুপের পরিচালকের ১২টি পদে নির্বাচিত পরিচালকবৃন্দ হলেন রাজা কর্পোরেশনের কামাল মোস্তফা চৌধুরী (প্রাপ্ত ভোট ১৪০৫), ফাল্গুনী ট্রেডার্স লিমিটেডের এ এস এম ইসমাইল খান (১৩৭৪), চুমকি অ্যাপারেলস লিমিটেডের আবু হায়দার চৌধুরী (১৩৬৪), রাইজিং কম্পিউটার স্কেলের মো. আমজাদ হোসেন চৌধুরী (১৩৫২), ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের মো. নাসির উদ্দিন চৌধুরী (১৩২১), টার্নিং পয়েন্টের আসাদ ইফতেখার (১৩০৬), স্টিভিডোর ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেডের আমান উল্লা আল ছগির (১২৭৭), প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেডের মো. গোলাম সরওয়ার (১২৫৯), দি ফোর হুইলারসের মোহাম্মদ হাবিবুর রহমান (১২৫৯), নিউ কর্ণফুলী ট্রেডিংয়ের মোহাম্মদ শফিউল আলম (১২৪৯), জেএসএন এন্টারপ্রাইজ লিমিটেডের মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী (১২১১) ও স্ট্যান্ডার্ড লজিস্টিক্স সার্ভিসেসের শহীদুল আলম (১২০৯)।
এসোসিয়েট গ্রুপ থেকে ৬টি পদে নির্বাচিত পরিচালকবৃন্দ হলেন জার ট্রেডের মো. জাহিদুল হাসান (প্রাপ্ত ভোট ৬৮৭), স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (ইউনিট–২) মো. নুরুল ইসলাম (৬৬১), জেকো এন্টারপ্রাইজের মো. সেলিম নুর (৬৪৬), সাহির ট্রেডের সরোয়ার আলম খান (৬৪১), মনোয়ারা ট্রেডিংয়ের মোহাম্মদ মশিউল আলম (৬৩২) ও মার্স মেরিটাইম সার্ভিসেস অ্যান্ড ইন্সপেকশনের মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (৬১৮)।
ট্রেড গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩ পরিচালক হলেন রোকনূর কর্পোরেশনের মোহাম্মদ আমিরুল হক, পিএইচপি মোটরস লিমিটেডের মোহাম্মদ আকতার পারভেজ ও চট্টগ্রাম ট্রেড এজেন্সির এস এম সাইফুল আলম।
টাউন এসোসিয়েশন গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩ পরিচালক হলেন পাবলিক ইলেকট্রিকের আফসার হাসান চৌধুরী, এম এন্টারপ্রাইজের মোহাম্মদ মনির উদ্দিন ও অর্কিড ট্রেডিংয়ের মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ।
আজ রোববার বেলা ১১টায় চেম্বারের কনফারেন্স হলে পরিচালকদের সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভা থেকে চেম্বারের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে বলে চেম্বার সূত্র জানিয়েছে।












