মুসাব্বির হত্যাকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ

মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশে বুলু

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২৭ অপরাহ্ণ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। গতকাল শনিবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তা কাজীর দেউড়ি নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সঞ্চালনায় ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। আগামী নির্বাচনকে বানচাল করতে একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একের পর এক নেতাকর্মীকে হত্যার ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ তার বক্তব্যে বলেন, বিএনপি ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি জনগণের প্রতিনিধিত্ব করা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন।

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি অগ্রগণ্য ভূমিকা রেখেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং হত্যা করে, ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না। যেকোনো মূল্যে বিএনপি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। অবিলম্বে মুসাব্বির হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, এম আবু বক্কর রাজু, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, কামরুল হাসান, সদস্য মোখলেছুর রহমান, সাজ্জাদ হোসেন, সাইফুল আলম দিপু, নোমান সিকদার সোহাগ, রবিউল ইসলাম, ইমরান সিদ্দিকী জ্যাকশন, জাকির হোসেন মিশু, মো. ইব্রাহীম, রাশেদ পাটোয়ারী, জাবেদ সাফায়েত সোবহান, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনা মানিক, আলতাফ হোসেন, মো. দুলাল, রিয়াজ উদ্দিন রাজু, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মোহন, আরমান শুভ, মো. শামীম, নুরুল কবির পলাশ, আইনুল ইসলাম জুয়েলসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে অস্ত্রের মুখে পোল্ট্রি ফার্মে ডাকাতির অভিযোগ
পরবর্তী নিবন্ধআন নিসা একাডেমির নবীন বরণ অনুষ্ঠান