উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণের মূলহোতা আটক

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৯ জুন, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া থেকে র‌্যাব পরিচয়ে অপহরণের অভিযোগে সিকদার প্রকাশ বলি (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় র‌্যাব–১৫ সিপিসি–২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল উখিয়ার পালংখালি মরাগাছতলা থেকে তাকে আটক করে। গতকাল শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব–১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। আটক সিকদার উখিয়ার পালংখালী মরা আমগাছ তলার মোহাম্মদ আবুর ছেলে।

আ ম ফারুক জানান, গত ১১ জুন রোহিঙ্গা ক্যাম্প–১৫ তে বসবাসরত মো. হাফিজ উল্লাহকে র‌্যাব পরিচয়ে ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী রঙ্গিখালী গহিন পাহাড়ে নিয়ে যায়। পরবর্তীতে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ও ভিকটিমের পরিবার প্রশাসনের সহায়তা নিলে হাফিজ উল্লাহকে মেরে ফেলার হুমকি দেয়।

অপহরণের সংবাদ পেয়ে র‌্যাব–১৫ ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার মাধ্যমে গত ১৪ জুন মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক মো. সুমন মুন্সিকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে ১৫ জুন রঙ্গীখালির গহীন পাহাড় থেকে ভিকটিম মো. হাফিজুল্লাহকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। এ অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও অপহরণ চক্রের অন্যতম মূলহোতা সিকদার প্রকাশ বলি।

পূর্ববর্তী নিবন্ধঐক্য পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী সমিতির আলোচনা সভা