চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭ হাজার ১৩৫ পিস ইয়াবা, ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাই মদ ও চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩২৬ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৯ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ৭৯ জন এবং সাজা পরোয়ানামূলে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ৩৯ জনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক বহনকারী দুজন এবং মাদক সেবনকারী ৩৯ জন রয়েছেন।
তিনি জানান, নিয়মিত ও অন্যান্য মামলায় ৩১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২০টি মাদক মামলা করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।













