চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য আমিনুর রহমানের বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে।
আমিনুর রহমান জানান, রাতের কোনো একসময় দুই থেকে তিনজন দুর্বৃত্ত তাঁর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে অবস্থিত তাঁর মুরগির খামারের কর্মীরা আগুন দেখতে পান। তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না। তবে তাঁর ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি বলে জানান আমিনুর রহমান।
তিনি আরও জানান, বিষয়টি রাতে দায়িত্বে থাকা পুলিশ বিটের উপপরিদর্শক (এসআই) বাবুকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।












