থাইরয়েড ক্যান্সারের সার্জারির পরেও সরবরাহ না থাকায় রেডিও আয়োডিন ক্যাপসুল পাচ্ছিলেন না রোগীরা। তবে অবশেষে সরবরাহ স্বাভাবিক হওয়ায় রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে গত এক মাস আগে থেকে রেডিও আয়োডিন ক্যাপসুলের সংকটের কারণে চট্টগ্রাম ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সে (ইনমাস) এসে ফেরত যেতেন রোগীর স্বজনেরা।
বিশেষজ্ঞরা বলছেন, ঘাড় বা গলার সামনের দিকে অবস্থিত প্রজাপতি আকৃতির থাইরয়েড গ্রন্থিতে হরমোনের ঘাটতি বা আধিক্যের কারণে ক্যান্সার হতে পারে, যার জন্য অপারেশন অপরিহার্য। সার্জারির পর আয়োডিন–১৩১ (১–১৩১) নামের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে রেডিও আয়োডিন থেরাপি দেওয়া হয়, যা ক্যান্সার কোষ ধ্বংস করে। থাইরয়েড সার্জারির পর এই থেরাপি নিতে দেরি হলে রোগীর শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। তাই এই থেরাপি ক্যান্সার চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইনমাস চট্টগ্রামের চিকিৎসকরা বলছেন, রেডিও আয়োডিন ক্যাপসুলটি বাংলাদেশ পরামাণু শক্তি কমিশন আমদানি করে। আমদানিতে জটিলতা থাকার কারণে রোগীদের চাহিদা মতো সেই ক্যাপসুলটি দেয়া সম্ভব হয়নি। তবে এখন সেই সংকট কেটে গেছে। এখন রোগীদের প্রয়োজন মতো আমরা ক্যাপসুলটি দিতে পারছি। জানা গেছে, থাইরয়েডের সার্জারির পর রোগীরা ইনমাসে নিবন্ধন করে। পরে চিকিৎসকরা যাচাই বাছাই করে ওষুধটি খেতে দেন। ওষুধটির খাওয়ার পর রোগীকে হাসপাতালে পাঁচ দিন একটি আবদ্ধ কক্ষে থাকতে হয়। সেখানে কেউ প্রবেশ করতে পারে না। কারণ এই ওষুধের মধ্যে রেডিয়েশন থাকার কারণে অন্যরাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এই ধরণের রোগীদের জন্য কেবিন আছে মাত্র একটি। যার কারণে অনেক দরিদ্র রোগীদের পক্ষে ১৫–২০ হাজার টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে ওষুধটি নেয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে সময় মতো ওষুধটি নিতে না পারায় অনেক রোগীদের মধ্যে পুনরায় ক্যান্সার ফিরে আসার ঝুঁকি রয়েছে বলেও জানান নাক, কান ও গলা রোগ বিভাগের চিকিৎসকরা।
নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, আমার বোনের থাইরয়েডের সার্জারির পরেও সংকটের কারণে রেডিও আয়োডিন ক্যাপসুলটি নিতে পারিনি। তবে এখন পেয়েছি।
চমেক হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিভাগের এক চিকিৎসক বলেন, থাইরয়েডের সার্জারির পর এক ডোজের এই রেডিও আয়োডিন ক্যাপসুলটি রোগীদের দিতে হয়। মাঝখানে অনেকদিন ক্যাপসুলের সংকটের কারণে রোগীরা এই থেরাপি নিতে পারেনি। তবে এখন ক্যাপসুলের সরবরাহ স্বাভাবিক হওয়ায় রোগীরাও উপকৃত হবে। আমাদের ওয়ার্ডে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১৫ জন থাইরয়েড ক্যান্সারের রোগী ভর্তি থাকে। থাইরয়েড ক্য্যান্সারের রোগীদের সার্জারির পর এক থেকে দেড় মাসের মধ্যে রেডিও আয়োডিন ক্যাপসুলটি দিতে হয়। চিকিৎসা অসম্পূর্ণ হলে এই ক্যান্সার পুনরায় ফিরে আসতে পারে।
চট্টগ্রাম ইনমাসের পরিচালক অধ্যাপক ডা. পবিত্র ভট্টাচার্য্য দৈনিক আজাদীকে বলেন, রেডিও আয়োডিন ক্যাপসুল আমদানি জটিলতার কারণে আমরা রোগীদের দিতে পারিনি। তবে এখন সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তাই আমরা রোগীদের প্রয়োজন মতো ক্যাপসুলটি দিতে পারছি।












