মানবিক মূল্যবোধ না থাকলে প্রাতিষ্ঠানিক ডিগ্রির মূল্য নেই

কর্ণফুলী বিতর্ক উৎসবে জেলা প্রশাসক

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

‘মানবিকতা না থাকলে বড় বড় ডিগ্রির কোনো মূল্য নেই’–এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল মঙ্গলবার কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’–এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন, আমাদের অনেক বড় বড় ডিগ্রি আছে। কিন্তু সেই ডিগ্রি দিয়ে যদি অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারি, বড়দের সম্মান করতে না পারি, ছোটদের ভালোবাসতে না পারি কিংবা সমাজে নিরাপত্তা তৈরি করতে না পারি, তাহলে সেই ডিগ্রির মূল্য কী?

তিনি বলেন, আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই, যা মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়, দেশপ্রেম জাগ্রত করে এবং সমাজ পরিবর্তনে সহায়তা করে। শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন নয়, শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা।

উপজেলা প্রশাসন আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। মেধা পাচার রোধে শিক্ষাব্যবস্থার সংস্কারের চেয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অধিক ফলপ্রসূ’ শীর্ষক চূড়ান্ত পর্বে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন (বিজয়ী) এবং আজিম–হাকিম স্কুল ও কলেজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেধা ও যুক্তির প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের এমন উচ্চমানের বিতর্ক আমাকে অভিভূত করেছে। তাদের আত্মবিশ্বাস ও বিশ্লেষণী দক্ষতা প্রমাণ করে যে, বাংলাদেশের তরুণদের বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা তুলে ধরার সক্ষমতা রয়েছে।

পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি তরুণদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বকে জানার আহ্বান জানান। এ সময় তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ড্রোন গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’–এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রসঙ্গও তুলে ধরেন। শিক্ষকদের আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে একটি নতুন পাঠাগারের উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় বন্য হাতির পাল লোকালয়ে