খাগড়াছড়িতে দুর্লভ গন্ধগোকুল পিটিয়ে মারল শিকারিরা

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:০১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে দুর্লভ প্রজাতির হিমালয়ান গন্ধগোকুল (বাঘডাশ) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার জেলা সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত প্রাণীটির ছবি গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর ঘটনাটি জানা যায়।

প্রকাশ অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা নাম বলেন, গ্রামে কিছু লোক নিয়মিত শিকার করে। তারা গন্ধগোকুলকে দেখে তাড়া করে। পরে সেটিকে পিটিয়ে হত্যা করে। এসব লোক প্রায়শ বনমোরগ, খরগোশ হত্যা করে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর গতকাল শনিবার সকালে কমলছড়ির ঘটনাস্থল পরিদর্শনে যান বীজিতলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন। তিনি বলেন, হিমালয়ন গন্ধগোকুল একটা দুর্লভ প্রজাতির প্রাণী। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত প্রজাতি। গন্ধগোকুল হত্যার বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা কমলছড়ি নতুন পাড়ায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি। তবে যারা শিকারের সাথে সরাসরি যুক্ত তাদের পাইনি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে স্থানীয়দের সাথে কথা বলেছি।

বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির সংগঠক সাথোয়াই মারমা বলেন, হিমালয়ান গন্ধগোকুল মিশ্র চিরসবুজ বনের বাসিন্দা। এটি অত্যন্ত লাজুক ও নিশাচর প্রাণী। সাধারণত গাছের মগডাল বা ডালে অবস্থান করে এবং প্রধানত বিভিন্ন ধরনের ফল খেয়ে জীবনধারণ করে। কিন্তু নির্বিচারে শিকার, বন উজাড় ও আবাসস্থল ধ্বংসের কারণে প্রাণীটি বর্তমানে হুমকির মুখে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩২৬ জন
পরবর্তী নিবন্ধএকদিনেই ৬১ বিলিয়ন ডলার বাড়ল ইলন মাস্কের সম্পদ