শিক্ষককে লাঞ্ছনা ও ভয়ভীতি প্রদর্শন, ইউএসটিসির সাবেক শিক্ষার্থীর ২ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

৭৫ শতাংশ উপস্থিতি ছাড়াই পরীক্ষায় অংশ নেওয়ার অন্যায্য দাবি প্রত্যাখ্যান করায় শিক্ষককে লাঞ্ছনা ও ভয়ভীতি দেখানোর দায়ে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) সাবেক এক শিক্ষার্থীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১১ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল মনসুর এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি মাহমুদুল হাসান কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শুভাশীষ শর্মা বলেন, পৃথক দুটি ধারায় আসামিকে মোট দুই বছরের কারাদণ্ড ও ১১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। আদালত সূত্রে জানা গেছে, মো. মাহমুদুল হাসান ইউএসটিসির ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী থাকাকালে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৭৫ শতাংশ বাধ্যতামূলক উপস্থিতি পূরণ না করেই পরীক্ষায় অংশ নেওয়ার দাবি করেন। এ নিয়ে বিভাগের তৎকালীন উপদেষ্টা অধ্যাপক ড. মাসুদ মাহমুদের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মাহমুদুল হাসান ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনার পর ইউএসটিসির তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল পরবর্তী চার্জগঠনের মাধ্যমে আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীরের মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধকাপ্তাই সড়কে বেপরোয়া টমটমের ধাক্কা, যুবক আহত