লৌহজংয়ে পালকিতে চড়ে ভোটকেন্দ্রে শতবর্ষী চাঁন বানু

| শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ

বার্ধক্যকে জয় করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মুন্সীগঞ্জ২ আসনের লৌহজং উপজেলায় ভোট দিয়েছেন শতবর্ষী চাঁন বানু। আর ভোটকেন্দ্রে তিনি হাজির হয়েছেন গ্রামীণ ঐতিহ্যের পালকিতে চড়ে। গতকাল বৃহস্পতিবার উপজপলার হলদিয়া ইউনিয়নে দুপুরে হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শিমুলিয়া গ্রামের একটি ভোটকেন্দ্রে এই বিরল দৃশ্য দেখা যায়। পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যের কারণে হাঁটতে অক্ষম হলেও চাঁন বানু তার ভোট দেওয়ার ইচ্ছার কথা পরিবারকে জানান। পরে পরিবারের সদস্যরা পালকি সাজিয়ে তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় চাঁন বানুর মুখেও ছিল তৃপ্তির হাসি।এই বৃদ্ধাকে পালকিতে চড়ে আসতে দেখে কেন্দ্রে উপস্থিত অন্যান্য ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও উৎসাহ তৈরি হয়।

চাঁন বানুর পরিবারও স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত। তিনি ওই এলাকার মৃত রহমান শেখের স্ত্রী। তার এক ছেলে উক্ত ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর বিডিনিউজের।

রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন পরিবারের সদস্য হওয়ার কারণেই এই বয়সেও ভোটের প্রতি তার এই গভীর টান বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন, পালকিতে চড়ে ভোট দিতে এসে তিনি যেন এক হারানো ঐতিহ্যকে ফিরিয়ে এনেছেন। ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা জানান, ১০৩ বছর বয়সেও চাঁন বানুর এমন সজাগ উপস্থিতি বর্তমান প্রজন্মের ভোটারদের জন্য এক বড় অনুপ্রেরণা।

পূর্ববর্তী নিবন্ধমিনেসোটায় অভিবাসী দমনাভিযান শেষের ঘোষণা দিলেন টম হোম্যান
পরবর্তী নিবন্ধতামিম দিলেন জীবনের প্রথম ভোট