তারেক রহমানের নেতৃত্বে জিয়ার অসমাপ্ত কাজ শেষ হবে : এমপি হুমাম কাদের

রাঙ্গুনিয়ায় খাল খনন ও ব্রিজের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও পদুয়া ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-র দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। গত শুক্রবার বিকেলে শিলক ইউনিয়নে খাল খনন কার্যক্রম এবং সন্ধ্যায় পদুয়া ইউনিয়নে নবনির্মিত একটি ব্রিজের উদ্বোধন করেন তিনি।

বিকেল চারটার দিকে শিলক ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে এমপি হুমাম কাদের চৌধুরী নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে দুই কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই খালটি খনন সম্পন্ন হলে প্রায় ৫০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে, যা এলাকার শত শত কৃষকের জন্য সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল একটি বিপ্লব। সেই সময় এটি বাধাগ্রস্ত হলেও এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। শিলক ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন বান্টুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি সদস্য জামশেদ আলী তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা আবুল হোসেন চৌধুরী।

শিলকের কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুল হামিদ সড়কে ত্রিপুরা সুন্দরী খালের ওপর বিএডিসি কর্তৃক নির্মিত একটি মাঝারি আকারের হাইড্রোলিক স্ট্রাকচার (ব্রিজ) উদ্বোধন করেন। ২০২৫২০২৬ অর্থবছরের এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে হুমাম কাদের চৌধুরী বলেন, বক্তৃতা দিয়ে আর ভোট হবে না, কাজের মাধ্যমেই মানুষের ভোট আসবে। সামনে ইউনিয়ন নির্বাচন, তাই যারা নেতৃত্বে আসতে চান তারা মাজা শক্ত করে কাজে নেমে পড়ুন।

পদুয়া ইউনিয়নের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন শওকত আলী নূর, অধ্যাপক আজম খান ও অধ্যাপক মোহাম্মদ মহসিন। এ সময় উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় জনসাধারণকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এমপি হুমাম কাদের চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড় : পার্বত্য মন্ত্রী
পরবর্তী নিবন্ধশিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম : মেয়র