শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম : মেয়র

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম শিক্ষকদের সহযোগিতায় আবারও সক্রিয়ভাবে চালু করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল শুক্রবার নগরের লালদীঘিস্থ মাহবুব আলম চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত ‘যুব নেতৃত্ব বিষয়ে শিক্ষকদের কৌশলগত সংলাপ২০২৬’এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আয়োজনে ও বাস্তবায়নে অনুষ্ঠিত দিনব্যাপী এ সংলাপে নগরীর প্রায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের রেড ক্রিসেন্ট সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন।

মেয়র বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে মানবিক ও সামাজিক কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে রেড ক্রিসেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বিস্তৃত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম এ সালাম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মো. এনামুল হক, ভারপ্রাপ্ত ইউএলও মো. জিয়াউল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্যসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের নেতৃত্বে জিয়ার অসমাপ্ত কাজ শেষ হবে : এমপি হুমাম কাদের
পরবর্তী নিবন্ধপটিয়ায় আশিয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ