পটিয়া উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি এমআর টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে প্রায় ৪৫ হাজার শিশু। উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৪টি কিন্ডারগার্টেন এবং ১০১টি ইবতেদায়ি ও নূরানি মাদ্রাসার শিক্ষার্থীরা এই কর্মসূচির আওতায় আসছে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই এমআর টিকাদান কর্মসূচি চলবে।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা কো–অর্ডিনেশন মিটিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এবং উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. শুভ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
সভায় প্রধান ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, এমআর ভ্যাকসিন শিশুদের মারাত্মক দুটি সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়। এ রোগ থেকে অবুঝ শিশুদের বাঁচাতে আমাদের সবার সচেতনা হতে হবে। এ টিকা নিয়ে কোন ধরণের বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। এই কর্মসূচি শতভাগ সফল করতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধি মসজিদের ঈমামদের জনগণকে সচেতন করতে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা এই ক্যাম্পেইন সফল করার প্রধান শক্তি হবে। উপজেলার ১৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত তারিখ অনুযায়ী টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আকতার হিমু প্রমুখ।














