লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

পাহাড় কেটে ইটের কাঁচামাল

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা ১৩টি ইটভাটার মালিককে মোট ২৯ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা এবং ইটের কাঁচামাল হিসেবে পাহাড়ের মাটি ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।

গতকাল সোমবার দুপুরে কয়েক ঘণ্টাব্যাপী যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন। এ সময় বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, ফাইতং ইউনিয়নে গড়ে ওঠা ৩১টি অবৈধ ইটভাটার মধ্যে ১৩টির মালিককে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটাগুলো হলো মেসার্স বি.বি.সি ব্রিকস, এম.এইচ.বি ব্রিকস, ফাইব.বিএম ব্রিকস, কে.বি.সি ব্রিকস, এস.বি.ডব্লিউ ব্রিকস, এম.এইচ.বি ব্রিকস, এস.এ.বি ব্রিকস, সেভেন.বি.এম ব্রিকস, ইউ.বি.এম–২ ব্রিকস, ইড.বি.এম ব্রিকস, এস.এস.বি ব্রিকস, এ.বি.সি–৪ ব্রিকস এবং মেসার্স এ.বি.সি–২ ব্রিকস।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩–এর ১৫ ধারায় তাদের জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধথানচিতে জিপ খাদে পড়ে ২ পর্যটকের মৃত্যু, গুরুতর আহত ৫
পরবর্তী নিবন্ধচুয়েটে দুই সপ্তাহ ধরে অচলাবস্থা