রাতের আঁধারে একজনের কাছেই ৯০ লিটার অকটেন বিক্রি

ফিলিং স্টেশন-ক্রেতা উভয়কেই জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় বিধিবহির্ভূতভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯০ লিটার অকটেন জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কলেজ মোড় এলাকায় পলাশ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় ফিলিং স্টেশনের মালিক পরিমল নাগ এবং ক্রেতা রাজন কর্মকারকে জরিমানা করা হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম তানজিল পারভেজ বলেন, বেআইনিভাবে মজুতের উদ্দেশ্যে একজন ক্রেতার কাছে রাতের আঁধারে ৯০ লিটার অকটেন বিক্রি করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত অকটেন নিলামে বিক্রয় করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেই অনিয়ম করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধশান্তি আলোচনায় জে ডি ভ্যান্সকে কেন চেয়েছে ইরান?
পরবর্তী নিবন্ধবুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিল ইসরায়েল, ফাঁদে পড়েছেন শুধু ট্রাম্প