রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম : মানবতার জন্য চিরন্তন পথনির্দেশ

মোহাম্মদ তরিকুল ইসলাম | শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাসরীফ আনার মাস পবিত্র রবিউল আউয়াল আমাদের হৃদয়ে বিশেষ আবেগ ও ভালোবাসার একটি মাস। এই মাস এলেই পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে জেগে ওঠে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর স্মৃতি। তাঁর জন্ম, তাঁর শৈশব, তাঁর নবুওয়াত, তাঁর সংগ্রাম, তাঁর মক্কামদিনার জীবন এবং সর্বোপরি তাঁর অনুপম চরিত্র ও মানবিকতার কথা আমরা নতুন করে স্মরণ করি।

কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণ কি শুধু একটি মাসের আবেগের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয়? তাঁর জীবন কি কেবল ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়? নাকি তাঁর শিক্ষা আজকের পৃথিবীর জন্যও সমান প্রাসঙ্গিক?

প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কারণ আমরা এমন এক সময়ে বাস করছি, যখন পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তিতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। মানুষের হাতে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, দ্রুত যোগাযোগব্যবস্থা, আধুনিক চিকিৎসা, উন্নত পরিবহন ও বিপুল অর্থনৈতিক সক্ষমতা। মানুষ মহাকাশে যাচ্ছে, মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করছে। অথচ এই বিপুল অগ্রগতির মাঝেও মানুষের জীবনে শান্তি, ন্যায়, সহমর্মিতা ও পারস্পরিক আস্থার সংকট ক্রমেই প্রকট হচ্ছে।

তথ্য বেড়েছে, কিন্তু সত্যের সংকটও বেড়েছে। যোগাযোগ বেড়েছে, কিন্তু সম্পর্কের দূরত্ব কমেনি। সম্পদ বেড়েছে, কিন্তু বৈষম্য দূর হয়নি। ক্ষমতা বেড়েছে, কিন্তু ক্ষমাশীলতা ও মানবিকতা অনেক ক্ষেত্রে দুর্বল হয়েছে। এই বাস্তবতায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর জীবন আমাদের সামনে নতুন করে একটি প্রশ্ন রাখে মানুষ হওয়ার অর্থ কী? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, “আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।” সূরা আলআম্বিয়া, ১০৭।

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানবতার জন্য রহমত। তাঁর দয়া শুধু মুসলমানদের জন্য ছিল না; তাঁর জীবন ছিল মানুষ, পরিবার, প্রতিবেশী, এতিম, অসহায়, দরিদ্র, এমনকি বিরোধীদের প্রতিও ন্যায় ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি এমন এক সমাজে আবির্ভূত হয়েছিলেন, যেখানে মানুষের মর্যাদা নির্ধারিত হতো বংশ, গোত্র, সম্পদ ও ক্ষমতার ভিত্তিতে। তিনি এসে ঘোষণা করলেন মানুষের মর্যাদার প্রকৃত ভিত্তি হলো তাকওয়া ও চরিত্র। তিনি মানুষকে শিখিয়েছেন কেউ জন্মগতভাবে অন্যের চেয়ে শ্রেষ্ঠ নয়; অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠা করাই প্রকৃত মহত্ত্বের পরিচয়।

আজকের পৃথিবীতেও এই শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা অনেক সময় মানুষের মূল্যায়ন করি তার অর্থ, পদমর্যাদা, সামাজিক অবস্থান কিংবা প্রভাবের ভিত্তিতে। অথচ একজন মানুষের প্রকৃত মূল্য তার চরিত্রে। সে দুর্বল মানুষের সঙ্গে কেমন আচরণ করে, অধীনস্থ কর্মচারীর সঙ্গে কেমন ব্যবহার করে, পরিবারের সদস্যদের কতটা সম্মান করে, ব্যবসায় কতটা সততা বজায় রাখে এসবের মধ্যেই তার প্রকৃত পরিচয় প্রকাশ পায়।

আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” সূরা আলআহযাব, ২১। এই আয়াতের তাৎপর্য অত্যন্ত গভীর। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একজন পূর্ণাঙ্গ আদর্শ। একজন মানুষ কীভাবে সন্তান, পিতা, স্বামী, প্রতিবেশী, বন্ধু, ব্যবসায়ী, নেতা ও সমাজের একজন দায়িত্বশীল সদস্য হতে পারে তাঁর জীবনে তার বাস্তব উদাহরণ রয়েছে।

আজ আমাদের সমাজে ন্যায়বিচারের সংকট নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ন্যায় এমন একটি মূল্যবোধ, যা নিজের স্বার্থের বিরুদ্ধেও রক্ষা করতে হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, “কোনো সমপ্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না রাখে।” সূরা আলমায়িদা, ৮। এই শিক্ষা শুধু আদালত বা রাষ্ট্র পরিচালনার জন্য নয়; আমাদের প্রতিদিনের জীবনেও প্রযোজ্য। পরিবারে, ব্যবসায়, কর্মক্ষেত্রে, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সর্বত্র ন্যায়ের চর্চা প্রয়োজন।

ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রেও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাভ করা বৈধ, ব্যবসা করা সম্মানের; কিন্তু প্রতারণা, মিথ্যা, ওজনে কম দেওয়া, পণ্যের ত্রুটি গোপন করা কিংবা দুর্বল ক্রেতার সুযোগ নেওয়া কোনোভাবেই তাঁর শিক্ষা নয়। সহিহ মুসলিমে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, “যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।”

আজকের কর্পোরেট ও বাণিজ্যিক পৃথিবীতে এই একটি নীতিই যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়, তাহলে ব্যবসায় আস্থা বাড়বে, বাজারে নৈতিকতা ফিরবে এবং মানুষের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

পরিবারের ক্ষেত্রেও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনন্য আদর্শ। একজন মানুষের প্রকৃত চরিত্র অনেক সময় তার বাইরের আচরণে নয়, ঘরের মানুষের সঙ্গে তার ব্যবহারে প্রকাশ পায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের প্রতি ছিলেন স্নেহশীল, কোমল ও সম্মানশীল। তিনি বলেছেন, “তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের কাছে উত্তম।” জামে তিরমিজি।

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ শুধু মসজিদে বা ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়; আমাদের মোবাইল ফোনের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা, অন্যের সম্পর্কে মন্তব্য করা সব ক্ষেত্রেই তাঁর শিক্ষা প্রযোজ্য। পৃথিবীর প্রযুক্তি আরও উন্নত হবে, অর্থনীতি আরও বিস্তৃত হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা আরও শক্তিশালী হবে। কিন্তু মানুষের সত্যিকারের শান্তি ও কল্যাণের জন্য সত্য, ন্যায়, দয়া, আমানতদারি, ক্ষমা ও মানবিকতার প্রয়োজন কখনো শেষ হবে না। আর এই মানবিক মূল্যবোধের সর্বশ্রেষ্ঠ জীবন্ত আদর্শ আমাদের সামনে রেখে গেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীজীর আগমনের মাস রবিউল আউয়ালে আমাদের জন্য শিক্ষা হোক শুধু তাঁকে স্মরণ নয়, তাঁকে অনুসরণ; শুধু তাঁর প্রশংসা নয়, তাঁর চরিত্র ধারণ; শুধু তাঁর প্রতি ভালোবাসার দাবি নয়, সেই ভালোবাসার প্রমাণ আমাদের প্রতিদিনের জীবন ও আচরণে তুলে ধরা।

লেখক: প্রাবন্ধিক।

পূর্ববর্তী নিবন্ধআলো খুঁজি অন্ধকারে, নিজেকে খুঁজতে হয় প্রতিকূলতায়
পরবর্তী নিবন্ধহল্যান্ড থেকে