সাতকানিয়ায় কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম সোহাগ মিয়া (২৬)। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের মৌলভীর দোকানের উত্তর পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সুমন মিয়া নামের অপর আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত সোহাগ মিয়া হবিগঞ্জের লাগাইয়ের উত্তর হাটি সুরেশ্বর এলাকার মোঃ আকতার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ মিয়া ও সুমন মিয়া মোটরসাইকেল করে কক্সবাজারের দিকে যাচ্ছিল। তারা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের মৌলভীর দোকানের উত্তর পার্শ্বে পৌঁছালে একই মুখী একটি সিএনজি টেঙিকে ওভারটেক করার সময় বিপরীত দিক হতে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সোহাগ মিয়া ঘটনাস্থলে নিহত ও সুমন মিয়া গুরুতর আহত হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন চৌধুরী জানান, নিহত সোহাগ মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত সুমন মিয়াকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







